ইন্দোনেশিয়ায় বন্যা ও ভূমিধসে নিহত ২০০ ছাড়িয়েছে


২৯ নভেম্বর, ২০২৫ ১২:৫৪ : অপরাহ্ণ

ইন্দোনেশিয়ায় বন্যা ও ভূমিধসে নিহতের সংখ্যা ২০০ ছাড়িয়ে গেছে। দেশটির দুর্যোগ ব্যবস্থাপনা সংস্থার তথ্য অনুযায়ী, এ পর্যন্ত ২০০-রও বেশি মানুষ প্রাণ হারিয়েছেন।

শুক্রবার (২৮ নভেম্বর) স্থানীয় সময় রাতে পশ্চিম সুমাত্রার দুর্যোগ প্রশমন সংস্থার মুখপাত্র ইলহাম ওয়াহাব জানান, শুধু সেখানেই ৬১ জনের মৃত্যু নিশ্চিত হয়েছে এবং আরও ৯০ জনের খোঁজ চলছে।

পরিসংখ্যান বলছে, উত্তর সুমাত্রায় ১১৬ জন ও আচেহ প্রদেশে কমপক্ষে ৩৫ জনের মৃত্যু হয়েছে। ইন্দোনেশিয়া ছাড়াও মালয়েশিয়া ও থাইল্যান্ডেও ভারি বৃষ্টিতে প্রাণহানি ঘটেছে।

ইন্দোনেশিয়ার বর্ষাকাল জুন থেকে সেপ্টেম্বর পর্যন্ত থাকলেও এবার মৌসুমি ঝড়ের প্রভাবে পরিস্থিতি গুরুতর হয়েছে। বিশেষজ্ঞরা বলছেন, জলবায়ু পরিবর্তনের কারণে ঝড়ের তীব্রতা ও বর্ষার মেয়াদ বেড়ে যাচ্ছে। এই মাসেই মধ্য জাভায় ভূমিধসে ৩৮ জন নিহত হন, যেখানে এখনও ১৩ জন নিখোঁজ রয়েছেন।

এছাড়া বেনার মেরিয়া যোগাযোগ ও তথ্য সংস্থার প্রধান ইলহাম আবদি জানিয়েছেন, ক্ষতির সঠিক পরিমাণ নির্ধারণ করা কঠিন হয়ে পড়েছে। কারণ বেশিরভাগ ক্ষতিগ্রস্ত এলাকায় বিদ্যুৎ বিভ্রাট এবং যোগাযোগ বিঘ্নিত হচ্ছে।

বৃহস্পতিবার পর্যন্ত, কিছু অঞ্চলে নদীর পানি উপচে পড়ে বন্যার পানি বিপজ্জনকভাবে বৃদ্ধি পেয়েছে। কিছু আবাসিক এলাকা প্রায় ১০ ফুট পর্যন্ত পানির নিচে ডুবে গেছে। উদ্ধারকারী দলগুলো বাড়ির ভিতরে আটকা পড়া বাসিন্দাদের সরিয়ে নেয়ার জন্য কাজ করছে।

এসএস/এমএফ

0Shares

আরো সংবাদ