আন্তর্জাতিক সব ফ্লাইট স্থগিত ঘোষণা করেছে সৌদি আরব


২১ ডিসেম্বর, ২০২০ ১:৩৬ : অপরাহ্ণ

যুক্তরাজ্যে করোনাভাইরাসের নতুন ধরন শনাক্ত হওয়ায় রোববার আন্তর্জাতিক ফ্লাইট স্থগিত ঘোষণা করেছে সৌদি আরব। এছাড়া স্থল ও সমুদ্র বন্দরের সকল প্রবেশও বন্ধ করা হয়েছে। প্রাথমিকভাবে আগামী এক সপ্তাহ পর্যন্ত এই নিষেধাজ্ঞা কার্যকর থাকবে। খবর গলফনিউজের..

করোনাভাইরাসের নতুন প্রজাতি ছড়িয়ে পড়তে শুরু করায় সৌদি স্বাস্থ্য মন্ত্রণালয়ের নির্দেশনায় নাগরিক ও অভিবাসীদের স্বাস্থ্যের নিরাপত্তার দিকে লক্ষ্য রেখে এই সিদ্ধান্ত গ্রহণ করেছে দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়।

রবিবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে সৌদি স্বরাষ্ট্র মন্ত্রণালয়। এক সপ্তাহের এই নিষেধাজ্ঞা বৃদ্ধি পেয়ে আরও এক সপ্তাহ বাড়তে পারে। তবে বিদেশি যেসমস্ত বিমান সংস্থা বর্তমানে সৌদিতে অবস্থান করছে তারা তাদের নিজ দেশের উদ্দেশ্যে ছেড়ে যেতে পারবে।

করোনাভাইরাসের নতুন একটি ধরন যুক্তরাজ্যে পাওয়ার পর রোববার ইউরোপের একাধিক দেশ যুক্তরাজ্যের ফ্লাইটের ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছে। আরও কিছু দেশ নিষেধাজ্ঞার কথা বিবেচনা করছে। ব্রিটিশ সরকার জানিয়েছে, নতুন এই ধরনটি ‘নিয়ন্ত্রণের বাইরে।

উল্লেখ্য, সৌদি আরবে এখন পর্যন্ত ৩ লাখ ৬১ হাজারের বেশি লোক করোনা আক্রান্ত হয়েছেন। মারা গেছেন ৬ হাজারেরও বেশি। উপসাগরীয় আরব দেশগুলোর মধ্যে সৌদিতেই আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা সবচেয়ে বেশি।

এসএস

0Shares

আরো সংবাদ