করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় দেশে আরো ১৪ জন প্রাণ হারিয়েছেন। এ নিয়ে মৃত্যুর সংখ্যা বেড়ে ৩২৮ জন হয়েছে। এছাড়া নতুন করে আরো ১২৭৩ জন আক্রান্ত হয়েছেন। যা দেশে এখন পর্যন্ত আক্রান্তে দিকে দিয়ে সবোর্চ্চ সংখ্যা। মোট আক্রান্ত দাঁড়ালো ২২ হাজার ২৬৮ জনে।
রবিবার দুপুরে স্বাস্থ্য অধিদফতর থেকে অনলাইন স্বাস্থ্য বুলেটিনে এ তথ্য জানান অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডা. নাসিমা সুলতানা।
তিনি জানান, গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ২৫৬ জন। এ নিয়ে দেশে মোট করোনা আক্রান্ত রোগী সুস্থ হয়েছেন ৪ হাজার ৩৭৩ জন। আর নমুনা পরীক্ষা সংগ্রহ করা হয়েছে ৮ হাজার ৫৭৪টি। নমুনা পরীক্ষা করা হয়েছে ৮ হাজার ১১৪টি।
এসময় করোনাভাইরাস সংক্রমণের ঝুঁকি এড়াতে সবাইকে স্বাস্থ্য অধিদফতর ও বিশ্ব স্বাস্থ্য সংস্থার পরামর্শ ও নির্দেশনা মেনে চলার অনুরোধ জানান তিনি। দেশে করোনাভাইরাসে সংক্রমিত প্রথম রোগী শনাক্ত হয় গত ৮ মার্চ। তার ১০ দিন পর ১৮ মার্চ করোনাভাইরাসে আক্রান্ত হয়ে প্রথম একজনের মৃত্যু হয়।