পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) ড. বেনজীর আহমেদ বলেছেন, মগবাজারে বিস্ফোরণের ঘটনায় প্রাথমিকভাবে নাশকতার প্রমাণ মেলেনি। সেখানে মিথেন গ্যাসের আলামত পাওয়া গেছে। আজ সোমবার রাজধানীর মগবাজার ওয়ারলেস গেট এলাকার ঘটনাস্থল পরিদর্শন করে সাংবাদিকদের এ কথা বলেন তিনি।
আইজিপি বলেন, এটি একমুখী ধ্বংসযজ্ঞ। বোমা হলে চতুর্মাত্রিক ধ্বংসযজ্ঞ হত। তবে সবগুলো বিষয় মাথায় রেখেই তদন্ত করা হবে।
এসময় ডিএমপি কমিশনার মোহা. শফিকুল ইসলাম, পুলিশের বিশেষ শাখার (এসবি) প্রধান মনিরুল ইসলাম, ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) প্রধান এ কে এম হাফিজ আক্তার উপস্থিত ছিলেন।
ঘটনা তদন্তে ফায়ার সার্ভিসের ৫ সদস্য বিশিষ্ট একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। কমিটি ৭ কার্য দিবসের মধ্যে তদন্ত প্রতিবেদন জমা দেয়ার কথা। গতকাল রাতে ডিএমপি কমিশনার মোহা. শফিকুল ইসলাম ঘটনাস্থল পরিদর্শন করে ৭ জনের মৃত্যুর বিষয় নিশ্চিত করেন।
ফায়ার সার্ভিসের সবশেষ তথ্য অনুযায়ী এ ঘটনায় আহত হয়েছেন অন্তত ৬৬ জন। এদের মধ্যে, শেখ হাসিনা বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইন্সটিটিউটে ১৭ জন, ঢাকা মেডিকেল কলেজে ৩৯ জন, হলি ফ্যামিলিতে ২ জন, আদ দ্বীন হাসপাতালে ৩ জন, মনোয়ারা হাসপাতালে ৫ জন চিকিৎসাধীন রয়েছেন।
এসএস