খালেদা জিয়ার চিকিৎসার ফাইল পড়ে আছে প্রধানমন্ত্রীর কাছে: মির্জা ফখরুল


২৮ এপ্রিল, ২০১৮ ৩:৩৭ : অপরাহ্ণ

সকালেরসময় রিপোর্ট::  বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার চিকিৎসা সংক্রান্ত ফাইল প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে পড়ে আছে বলে অভিযোগ করেছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। শনিবার (২৮ এপ্রিল) নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ অভিযোগ করেন।

তিনি বলেন, ‘আমরা বারবার বলছি খালেদা জিয়ার স্বাস্থ্যের অবস্থা ক্রমেই অবনিত হচ্ছে। এ জন্য আমাদের দলের উচ্চ পর্যায়ের একটি প্রতিনিধি দল ২২ এপ্রিল স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে দেখা করেছেন। তারা স্বরাষ্ট্রমন্ত্রীকে খালেদার জিয়ার পছন্দের হাসপাতাল ও প্রয়োজনীয় চিকিৎসা ব্যবস্থা নিতে অনুরোধ করেছেন।

এরপর প্রতিনিধি দলের উপস্থিতিতে স্বরাষ্ট্রমন্ত্রী আইজি প্রিজনকে ডেকে নিয়ে আসেন এবং খালেদা জিয়ার চিকিৎসার বিষয়ে ব্যবস্থা নিতে বলেন। পরে কারা কর্তৃপক্ষ চিকিৎসকদের সঙ্গে খালেদা জিয়ার চিকিৎসার বিষয়ে আলাপ করে একটি ফাইল তৈরি করে প্রধানমন্ত্রীর কাছে পাঠিয়েছেন বলে আমরা শুনেছি। আমরা যতদূর শুনেছি, ফাইলটি এখনও প্রধানমন্ত্রীর কাছে পড়ে আছে। সেই বিষয়ে এখনও কোনও সিদ্ধান্ত হয়নি। সিদ্ধান্তহীনতার কারণে প্রতিদিন তার (খালেদা জিয়া) স্বাস্থ্যের অবনতি হচ্ছে।’’

মির্জা ফখরুল বলেন, সরকারের মূল লক্ষ্য খালেদা জিয়াকে অসুস্থ রেখে তাকে নির্বাচন থেকে বাইরে রাখা। তার চিকিৎসা না করার পেছনে একটি নীলনকশা রয়েছে। আমরা আশা করি তার চিকিৎসাটা অন্তত হবে। কিন্তু কত ভয়ঙ্কর হলে তার চিকিৎসাও করানো হয় না।

মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, আমরা বারবার বলেছি, কারাগারে খালেদা জিয়া অত্যন্ত অসুস্থ এবং তার স্বাস্থ্যের ক্রমেই অবনতি হচ্ছে। এ বিষয়টি আমরা বারবার অত্যন্ত গুরুত্ব সহকারে বলছি। আমরা যখন আগে তার সঙ্গে দেখা করেছি, তখন তিনি এত অসুস্থবোধ করতেন না। তিনি নিচে নেমে আমাদের সঙ্গে দেখা করেছেন। কিন্তু এখন তিনি নিচেও নামতে পারছেন না। এর ফলে তার আত্মীয় স্বজন ও দলের নেতাদের সঙ্গে দেখা করা সম্ভব হচ্ছে না।

বিএনপি মহাসচিব বলেন, সাধারণভাবে একজন সাধারণ বন্দির অধিকার আছে সবচেয়ে উন্নত চিকিৎসা পাওয়ার। এটা সরকারের দায়িত্ব, তাকে উন্নত চিকিৎসা দেওয়া। সেই বিষয়ে কোনও আপস করা যাবে না। আর তিনি একজন সাবেক প্রধানমন্ত্রী যার এদেশে গণতান্ত্রিক আন্দোলনে অবদান সবচেয়ে বেশি।

যাকে মিথ্যা মামলায় বন্দি করে চিকিৎসা না করিয়ে তার স্বাস্থ্যের আরও অবনতি করা হচ্ছে দুর্ভাগ্যজনকভাবে যারা জনগণের দ্বারা নির্বাচিত নয় যাকে আমরা অনৈতিক সরকার বলি, তাদের মূল্য লক্ষ্য হচ্ছে খালেদা জিয়াকে অসুস্থ রেখে রাজনীতির ও নির্বাচনের বাইরে রাখা।

খালেদা জিয়ার কিছু হলে এর দায়-দায়িত্ব সরকারকে নিতে হবে বলে হুঁশিয়ারি দেন বিএনপির মহাসচিব। প্রশ্ন রেখে তিনি বলেন, ১/১১ সরকারের সময় বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার পছন্দমতো স্কয়ার হাসপাতালে চিকিৎসা নিয়েছেন। পরে তিনি বিদেশেও চিকিৎসা নিয়েছেন। তাহলে এখন কেন খালেদা জিয়া তার পছন্দমতো হাসপাতালে চিকিৎসা নিতে পারবেন না?

এ সময় আর একদিনও দেরি না করে খালেদা জিয়াকে তার পছন্দমতো ইউনাইটেড হাসপাতালে চিকিৎসা দিতে সরকার প্রতি আহ্বান জানান মির্জা ফখরুল। এ সময় তিনি সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে বলেন, আমরা খালেদা জিয়াকে ইউনাইটেড হাসপাতালে চিকিৎসা দিতে সরকারের কাছে আবেদনও করেছি।

সংবাদ সম্মেলনে অন্যদের মধ্যে বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস, নজরুল ইসলাম খান,ভাইস-চেয়ারম্যান শামসুজ্জামান দুদু,ডা. এ জেড এম জাহিদ হোসেন, আব্দুল আউয়াল মিন্টু, চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবদিন ফারুক, আব্দুস সালাম, সিনিয়র যুগ্ম-মহাসচিব রুহুল কবির রিজভী প্রমুখ উপস্থিত ছিলেন।

0Shares

আরো সংবাদ