চট্টগ্রামের চেরাগী পাহাড় মোড়ে ছাত্রলীগের দুই পক্ষের সংঘর্ষে ছুরিকাঘাতে এক নেতা নিহত হয়েছেন। শুক্রবার (২২ এপ্রিল) রাতে নগরের কোতোয়ালী থানার চেরাগীপাহাড় এলাকায় এ ঘটনা ঘটে। নিহত আসকার বিন তারেক (১৮) নগরের কোতোয়ালী থানার এনায়েত বাজার এলাকার এস এম তারেকের ছেলে। তিনি জামালখান ওয়ার্ড ছাত্রলীগের ধর্ম বিষয়ক সম্পাদক।
স্থানীয় সূত্র জানায়, নগর ছাত্রলীগের সহ সম্পাদক সাব্বির সাদিক ও সদস্য সৈকত দাশের অনুসারীদের মধ্যে কয়েকদিন ধরে বিরোধ চলে আসছিল। শুক্রবার ইফতারের পর নগরের আন্দরকিল্লা মোড়ে উভয় পক্ষের মধ্যে বাকবিতণ্ডা ও ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। এরপর দুই পক্ষ দুই দিকে সরে যায়।
রাতে চেরাগী পাহাড় মোড়ে উভয় পক্ষ জড়ো হয়ে আবার সংঘর্ষে লিপ্ত হয়। এ সময় আসকার বিন তারেককে ছুরিকাঘাত করা হয়। সংঘর্ষে লিপ্ত উভয় পক্ষ নগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আ জ ম নাছির উদ্দীনের অনুসারী। নিহত তারেক সাব্বির সাদিকের অনুসারী বলে জানা গেছে।
পাঁচলাইশ থানার পরিদর্শক সাদিকুর রহমান বলেন, আহত অবস্থায় তারেককে নিয়ে আসা হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
নগর পুলিশের সহকারী কমিশনার মুজাহিদুল ইসলাম বলেন, দুইপক্ষের মধ্যে সংঘর্ষে ছুরিকাঘাতে এক যুবক নিহত হয়েছেন। সিসিটিভি ফুটেজ সংগ্রহ করে এ ঘটনায় জড়িতদের শনাক্তের চেষ্টা চলছে। জড়িতদের গ্রেপ্তারে কাজ করছে পুলিশ।
আর এদিকে রাজনৈতিক পুর্ব শত্রুতার জেরে পটিয়ার কাশিয়াইশ ইউনিয়নের চেয়ারম্যান আবুল কাশেমের ছোট ভাই মুহাম্মদ সোহেল (৩৬) ছুরিকাঘাতে নিহত হয়েছে। শুক্রবার (২২ এপ্রিল) রাত ১০টার দিকে উপজেলার শান্তিরহাট বুধপুরা বাজার এলাকায় এ ঘটনা ঘটে।
বিষয়টি নিশ্চিত করে পুলিশ বলেন, শুক্রবার রাত ১০টার দিকে উপজেলার কাশিয়াইশ ইউনিয়নের বুধপুরা বাজারে রাজনৈতিক প্রতিপক্ষ শরীফ অতর্কিত আক্রমণ ও এলোপাতাড়ি ছুরিকাঘাতে ইউপি চেয়ারম্যানের ভাই মুহাম্মদ সোহেল গুরুতর আহত হয়।
এ সময় সোহেলের সাথে থাকা আরও কয়েকজন আহত হয়। তাৎক্ষণিক তাদের নাম ঠিকানা পাওয়া যায়নি। স্থানীয়রা তাদের উদ্ধার করে চমেক হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক সোহেলকে মৃত ঘোষনা করে। বর্তমানে আহত অন্যরা চমেকে চিকিৎসাধীন রয়েছে।
পটিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রেজাউল করিম মজুমদার জানান, ইউপি নির্বাচনের ইস্যু নিয়ে পূর্ব শত্রুতার জেরে শরীফের এলোপাতাড়ি ছুরিকাঘাতে ইউপি চেয়ারম্যানের ছোটভাই মুহাম্মদ সোহেল গুরুতর আহত হয়। গুরুতর আহত অবস্থায় চমেকে নিলে কর্তব্যরত চিকিৎসক সোহেলকে মৃত ঘোষনা করে।
সকালের-সময়/এমএফ