সকালেরসময় সৌদিআরব প্রতিনিধি:: সৌদি আরবের রাজধানী রিয়াদে একটি ভবনে অগ্নিকাণ্ডে ছয় বাংলাদেশিসহ সাতজন নির্মাণ শ্রমিকের মৃত্যু হয়েছে। শুক্রবার সকালের এ ঘটনায় আহত হয়েছেন আরও অন্তত পাঁচজন বাংলাদেশি।
রিয়াদে বাংলাদেশ দূতাবাসের লেবার কাউন্সেলর সারওয়ার আলম সকালেরসময়কে বলেন, সকাল ৭টার দিকে রিয়াদের আল নূরা ইউনিভার্সিটির আবাসিক এলাকায় শ্রমিকদের থাকার একটি ভবনে অগ্নিকাণ্ডে হতাহতের এ ঘটনা ঘটে।
হাতহতদের রিয়াদের সিমুচি হাসপাতালে নেওয়া হয়। সেখানে গিয়ে নিহত ছয় বাংলাদেশির পরিচয় নিশ্চিত হন দূতাবাসের সেকেন্ড সেক্রেটারি শফিকুল ইসলাম।
তিনি জানান, আগুনে নরসিংদী সদর উপজেলার মাধবদী থানার কাঁঠালিয়া ইউনিয়নের আবুল হোসেনের ছেলে রবিন (২২), গাজীপুরের কালীগঞ্জের হিমেল (২৮), নারায়ণগঞ্জের রূপগঞ্জের মজিদ (৫০), ঢাকার যাত্রাবাড়ীর সোলেমান, কিশোরগঞ্জের ইকবাল (৩৪) ও সিলেটের জোবায়ের (৪৫) মারা গেছেন।
তবে মো. আলামিন নামে নিহতদের একজন সহকর্মী সকালেরসময়কে বলেন, তিনতলা ভবনের দ্বিতীয় তলার একটি কক্ষে গ্যাস সিলিন্ডার বিস্ফোরিত হয়ে আগুন লাগে। ওই কক্ষে সাতজন বাংলাদেশি থাকতেন। তারা সবাই মারা গেছেন। সৌদি আরবের সিভিল ডিফেন্সের বরাত দিয়ে স্থানীয় বার্তা সংস্থা এসএবিকিউও এ ঘটনায় সাতজন প্রবাসী শ্রমিকের মৃত্যুর খবর দিয়েছে।
রিয়াদ সিভিল ডিফেন্সের মুখপাত্র মেজর মোহাম্মদ আল-হামাদির বরাত দিয়ে তাদের প্রতিবেদনে বলা হয়, শ্রমিকদের থাকার ওই ভবনের প্রবেশদ্বারে আগুন লাগে, সে সময় ভবনে ৪৫ জন ছিলেন। ভবনটিতে মোট ৫৪ জন থাকতেন, যা ধারণ ক্ষমতার চেয়ে বেশি।
ভেতরের দিকের কক্ষগুলো থেকে শ্রমিকদের বেরোনোর অন্য কোনো পথ ছিল না। নিহতদের অধিকাংশই ওই সব কক্ষের বাসিন্দা বলে সিভিল ডিফেন্সের এক টুইটে বলা হয়েছে। এ দুর্ঘটনায় আহত পাঁচজন বাংলাদেশি হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন বলে লেবার কাউন্সেলর সারওয়ার আলম জানিয়েছেন।