যুক্তরাজ্যে ওমিক্রনে প্রথম একজনের প্রাণহানি-বললেন বরিস জনসন


১৩ ডিসেম্বর, ২০২১ ৭:৫৯ : অপরাহ্ণ
দেশে,ওমিক্রন

আন্তর্জাতিক ডেস্ক : যুক্তরাজ্যে করোনাভাইরাসের নতুন ভ্যারিয়েন্ট ওমিক্রনে প্রথম প্রাণহানি ঘটেছে। সোমবার ব্রিটেনের প্রধানমন্ত্রী বরিস জনসন এই ভ্যারিয়েন্টে দেশটিতে প্রথম একজন মারা যাওয়ার খবর নিশ্চিত করেছেন।

পশ্চিম লন্ডনের প্যাডিংটনের কাছে একটি টিকাদান ক্লিনিক পরিদর্শনে গিয়ে তিনি বলেছেন, হ্যাঁ, দুঃখজনকভাবে ওমিক্রন লোকজনকে হাসপাতালে ভর্তি হতে বাধ্য করছে। দেশে ওমিক্রনে আক্রান্ত কমপক্ষে একজনের মৃত্যু নিশ্চিত করা হয়েছে।

ওমিক্রন করোনাভাইরাসের মৃদু সংস্করণ বলে মানুষের মাঝে যে ধারণা তৈরি হয়েছে, সেটিকে দূরে সরিয়ে রাখা উচিত বলে মন্তব্য করেছেন তিনি।

‘সুতরাং আমি মনে করি, কোনো না কোনোভাবে ভাইরাসের এই সংস্করণকে মৃদু হিসেবে মনে করার ধারণা আমাদের দূরে সরিয়ে রাখা দরকার। এটি যে গতিতে জনগণের মাঝে ছড়িয়ে পড়ছে তা স্বীকার করুন।’

প্রায় তিন সপ্তাহ আগে দক্ষিণ আফ্রিকায় প্রথম শনাক্ত হলেও যুক্তরাজ্যে গত ২৭ নভেম্বর প্রথম শনাক্ত হয় ওমিক্রন আক্রান্ত রোগী। এই ভ্যারিয়েন্টের বিস্তার ঠেকাতে দেশটিতে কঠোর বিধি-নিষেধ আরোপ করেছে বরিস জনসন প্রশাসন।

রবিবার প্রধানমন্ত্রী বরিস জনসন দেশটিতে করোনাভাইরাসের বুস্টার ডোজের কর্মসূচি ত্বরান্বিত করার ঘোষণা দিয়েছেন। দেশটির প্রাপ্তবয়স্ক সব নাগরিকের জন্য ভ্যাকসিনের বুস্টার ডোজ দেওয়া চলতি মাসের শেষের দিকে শুরু হবে বলে জানান তিনি।

ব্রিটেনে দৈনিক ১০ লাখ মানুষকে করোনা টিকার তৃতীয় ডোজ দেওয়ার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। এদিকে, দেশটিতে বর্তমানে যারা করোনা পজিটিভ হিসেবে শনাক্ত হচ্ছেন, তাদের ৪০ শতাংশই এই ভাইরাসটির রূপান্তরিত ধরন ওমিক্রনে আক্রান্ত বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী সাজিদ জাভিদ।

স্কাই নিউজকে দেওয়া সাক্ষাৎকারে তিনি বলেন, ‘আমাদের কাছে থাকা তথ্য অনুযায়ী, এই মুহূর্তে যুক্তরাজ্যে করোনা রোগীদের ৪০ শতাংশই ওমিক্রনে আক্রান্ত।

অভূতপূর্ব গতিতে ছড়িয়ে পড়ছে এই ভ্যারিয়েন্ট। প্রতিদিনই এতে আক্রান্তের সংখ্যা দ্বিগুণ-তিনগুণ হারে বাড়ছে। এত ব্যাপক সংক্রামক ভাইরাস এর আগে আমরা দেখিনি।’

‘ওমিক্রনে আক্রান্ত রোগীদের হার এবং দেশের বর্তমান করোনা চিত্র বলছে, সামনেই একটি করোনা ঢেউ অপেক্ষা করছে আমাদের জন্য এবং খুব দ্রুতই, আবারও আমাদের ‘ভ্যাকসিন বনাম ভাইরাস’ রেসে নামতে হবে।’

এস এস/

0Shares

আরো সংবাদ