শনিবার থেকে কোরবানির কাঁচা চামড়া কেনার সিদ্ধান্ত নিয়েছেন ট্যানারি মালিকরা। কোরবানির পশুর চামড়া নিয়ে কারসাজির অভিযোগের মধ্যে অবশেষে এ সিদ্ধান্ত নিলেন তারা। বাংলাদেশ ট্যানার্স অ্যাসোসিয়েশনের সভাপতি মো. শাহিন আহমেদ বুধবার বিকালে সাংবাদিকদের এ তথ্য জানিয়েছেন।
তিনি বলেন, বাণিজ্য মন্ত্রণালয়ের অনুরোধে আমরা ১৭ আগস্ট থেকে চামড়া কেনা শুরু করব। এর আগে সকালে সংবাদ সম্মেলন ডেকে ২০ আগস্ট থেকে চামড়া কেনা শুরু করবেন বলে জানান বাংলাদেশ ট্যানার্স অ্যাসোসিয়েশনের এ সভাপতি।
পরে দুপুরের পর বাণিজ্য মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা মো. আবদুল লতিফ বকসী স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, বাণিজ্য মন্ত্রণালয়ের অনুরোধে অবিলম্বে নির্ধারিত মূল্যে কাঁচা চামড়া ক্রয় শুরু করবে ট্যানার্স অ্যাসোসিয়েশন। কাঁচা চামড়ার গুনাগুন যাতে নষ্ট না হয়, সেজন্য স্থানীয় ভাবে যথাযথ প্রক্রিয়া অনুসরণ করে চামড়া সংরক্ষণের জন্য চামড়া ব্যবসায়ী এবং সংরক্ষণকারীদের প্রতি আগেই মন্ত্রণালয় থেকে অনুরোধ জানানো হয়েছে।
এ জন্য সংশ্লিষ্টদের প্রয়োজনীয় সহযোগিতা প্রদানের জন্য বাণিজ্য মন্ত্রণালয় ইতোমধ্যে বিভাগীয় কমিশনার, জেলা প্রশাসক এবং উপজেলা নির্বাহী অফিসারগণকে অনুরোধ জানিয়েছে।
সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয় বাণিজ্য মন্ত্রণালয় বাংলাদেশ ট্যানার্স অ্যাসোসিয়েশনের সাথে কাঁচা চামড়া নিয়ে চলমান পরিস্থিতি পর্যালোচনা করেছে। আলোচনার প্রেক্ষিতে বাণিজ্য মন্ত্রণালয় বাংলাদেশ ট্যানার্স অ্যাসোসিয়েশনকে পূর্বে নির্ধারিত ২০ আগস্টের আগেই জরুরি ভিত্তিতে কাঁচা চামড়া ক্রয় শুরু করার অনুরোধ জানায়।
বাণিজ্য মন্ত্রণালয়ের অনুরোধের প্রেক্ষিতে চলমান পরিস্থিতি বিবেচনায় নিয়ে বাংলাদেশ ট্যানার্স অ্যাসোসিয়েশন অবিলম্বে কাঁচা চামড়া ক্রয় শুরু করার সিদ্ধান্ত ঘোষণা করেছে।