খালা ও মায়ের পীড়াপিড়িতে ছেলে এখন মাদক ব্যবসায়।


২৯ আগস্ট, ২০১৮ ১০:৩৩ : পূর্বাহ্ণ

সকালেরসময় চট্টগ্রাম ডেস্ক::  মাদক এখন সামাজিক ক্যান্সারে পরিণত হয়েছে। কেননা মাদক সমাজকে এমনভাবে গ্রাস করেছে যে সেখান থেকে বেরিয়ে আসা আমাদের জন্য দুঃসাধ্য হয়ে পড়েছে। মাদক আগ্রাসন যুবসমাজকে কোন পথে নিয়ে যাচ্ছে সে প্রশ্ন এখন জনমনে। মাদকের কুপ্রভাব যেভাবে বিস্তৃত হয়ে পড়ছে তাতে উদ্বিগ্ন না হয়ে পারা যায় না। এর ভয়াল আগ্রাসন দেশের যুবসমাজকে সর্বনাশের পথে নিয়ে যাচ্ছে। এ সর্বনাশা নেশা ব্যাপকভাবে ছড়িয়ে পড়েছে ধনাঢ্য পরিবারের সন্তানদের মাঝে। ইদানীং এ নেশা মধ্যবিত্ত এমনকি নিম্মবিত্ত পরিবারেও বিস্তার লাভ করেছে।

নেশার জন্য ধনাঢ্য পরিবারের সন্তানদের অনেকে দুর্বৃত্তপনার সঙ্গে জড়িয়ে পড়তে বাধ্য হয়। নেশার টাকা জোগাড় করতে হাইজ্যাকসহ দস্যুপনার সঙ্গেও জড়িত হচ্ছে। গতকাল রাতে সিনেমা প্যালেস এলাকা থেকে আল আমিন নামে এক মাদক বিক্রেতাকে গ্রেফতার করে কোতোয়ালী থানা পুলিশ। এই সময় তার কাছ থেকে উদ্ধার করা হয়েছে সাড়ে ১৩ হাজার পিস ইয়াবা। আল আমিন জানায়, তার মা সাজু বেগমই তাকে এই মাদক ব্যবসায় এনেছে। তার ঠিক করে দেওয়া ক্রেতার কাছেই এই সাড়ে ১৩ হাজার ইয়াবা বিক্রির কথা ছিল। কিন্তু তার আগেই এস আই আব্দুর রব ও তার দল আল আমিনকে গ্রেফতার করে।

আল আমিন জানায়, সে মাদক পরিবারের সন্তান। তার মা সাজু বেগম তালিকাভুক্ত মাদক ব্যবসায়ী। তার খালা রুনাও তালিকাভুক্ত। তাদের দুইজনের নামেই একাধিক মাদক মামলা রয়েছে। মাদক পরিবারে বেড়ে উঠলেও সেদিকে পা বাড়ায়নি আল আমিন। সে কাজ করতো একটি গার্মেন্টস এ। পরে নিজেই একটি হোটেল খুলে বসে।

এভাবে আয় ও দিন ভাল কাটলেও তাতে মন ভরতো না আল আমিনের মায়ের। তাই সব সময়ই ছেলেকে মাদক ব্যবসায় নামতে বলতেন। ছেলে প্রথমদিকে না করলেও খালা ও মায়ের পীড়াপিড়িতে শেষ পর্যন্ত নেমেই পড়ে জীবননাশক এই পেশায়। আল আমিন জানায়, মূলত ক্রেতা ঠিক করে দেয় খালা রুনা। ইয়াবা কিনে দেয় মা। আর সরবরাহ করে আল আমিন। কিন্তু শর্টকাটে বড়লোক হওয়ার এই প্ল্যান শট সার্কিটেই শেষ।গ্রেফতার আল আমিন শেখ কোতোয়ালী থানার ফিরিঙ্গীবাজার দোভাষ বাড়ি এলাকার সোলায়মান শেখের ছেলে।

এ বিষয়ে ওসি মোহাম্মদ মহসীন বলেন, গোপন সূত্রে খবর পেয়ে সিনেমা প্যালেস এলাকা থেকে ১৩ হাজার ৫০০ পিস ইয়াবাসহ আল আমিন শেখকে গ্রেফতার করা হয়েছে। তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে কোতোয়ালী থানায় মামলা দায়ের করা হয়েছে বলে জানান তিনি।

0Shares

আরো সংবাদ