বিনোদন ডেস্ক : কোভিড পজিটিভ হয়ে নেগেটিভ হওয়ার ফাঁকে নতুন খবর নিয়ে ফের তাক লাগালেন দুই বাংলাতেই সমানতালে কাজ করা জনপ্রিয় অভিনেত্রী রাফিয়াথ রশিদ মিথিলা।
কলকাতার ওটিটি প্ল্যাটফরম হইচই-এর জনপ্রিয় ওয়েব সিরিজ ‘মন্টু পাইলট’-এ যুক্ত হয়েছেন এ অভিনেত্রী। হইচই হয়ে সোশাল হ্যান্ডেল ফাটানো সিরিজ ‘মন্টু পাইলট’-এর নতুন সিজনের অন্যতম চমক হয়ে আসছেন রাফিয়াত রশিদ মিথিলা।
সিরিজের দ্বিতীয় সিজনের শুটিং শুরু হয়েছে ২৭শে জানুয়ারি। সম্প্রতি করোনা নেগেটিভ ফল পেয়েই সিরিজটির শুটিংয়ে কলকাতার মাঠে ব্যস্ত হলেন তিনি। আর প্রথম দিন থেকেই শুটিংয়ে অংশ নিয়েছেন মিথিলা।
সিরিজটি নির্মাণ করছেন দেবালয় ভট্টাচার্য। এবারও মন্টু পাইলট চরিত্রে অভিনয় করছেন সৌরভ দাস। তবে পরিবর্তন এসেছে তার নায়িকাতে। প্রথম সিজনে সৌরভের বিপরীতে ছিলেন শোলাঙ্কি রায়, এবার থাকছেন মিথিলা। শোলাঙ্কির চরিত্রেই দেখা যাবে মিথিলাকে?
জবাবে এই অভিনেত্রী বললেন, ‘শোলাঙ্কির জায়গায় মিথিলা- বিষয়টি মোটেই এরকম নয়। আমার জন্য সম্পূর্ণ নতুন চরিত্র তৈরি করেছেন দেবালয়। নতুন সিজনের গল্পও অন্যরকম। এসব আগাম বলে মজা নষ্ট করতে চাই না।’
তবে এই যাত্রায় নিজের চরিত্রের চেয়ে নির্মাতা দেবালয় ও সহশিল্পী সৌরভেই বেশি মুগ্ধ মিথিলা। বললেন, ‘সবাই জানেন দেবালয় কতটা মেধাবী নির্মাতা। আর সৌরভ তো অসাধারণ অভিনেতা।
ওভারঅল এই দুজনের সঙ্গে একই টিমে কাজ করে আমি খুবই এক্সাইটেড। এখানে বেশিরভাগ সময় গোটা রাত ধরে কাজ হচ্ছে। কারণ, গল্পটা মূলত রাতের। সবাই খুবই আনন্দ করে কাজটি করছি।’
মিথিলার ‘নীতিশাস্ত্র’, ‘জলে জ্বলে তারা’, ‘অমানুষ’সহ কয়েকটি সিনেমা মুক্তির অপেক্ষায়। এই মুক্তি প্রতীক্ষিত সিনেমাগুলো নিয়েও বেশ আশাবাদী এই অভিনেত্রী।
তিনি বলেন, যে সিনেমাগুলোই এখন অবধি করেছি প্রত্যেকটিই খুব যত্ন নিয়ে করা। দর্শকরা আমাকে ভিন্নভাবে আবিষ্কার করতে পারবেন এতটুকু বলতে পারি।
এস এস/