সকালেরসময় রিপোর্ট:: হাটহাজারী উপজেলার ফতেপুর ইউনিয়নের হেলাল চৌধুরী পাড়ার একটি গরুর খামার থেকে মায়া হরিণ উদ্ধার করেছে পুলিশ। রোববার (৩১ মার্চ) সকাল সাড়ে ১০টার দিকে এমকে রহমানিয়া প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন গরুর খামারে হরিণ দেখতে পেয়ে ৯৯৯ নম্বরে কল করেন স্থানীয়রা। এরপর পুলিশ এসে হরিণটি উদ্ধার করে উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে নিয়ে আসে।
বিষয়টি স্বীকার করে উপজেলা নির্বাহী কর্মকর্তা রুহুল আমিন বলেন, হয়তো চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের পাহাড় থেকে মায়া হরিণটি শিকারির তাড়া খেয়ে লোকালয়ে নেমে এসেছে। হরিণটির শরীরে মারধরের চিহ্ন রয়েছে। খুশির কথা হচ্ছে স্থানীয় লোকজনের সচেতনতায় হরিণটি প্রাণে বেঁচেছে।
তিনি জানান, চট্টগ্রাম চিড়িয়াখানা থেকে একটি টিম এসে হরিণটিকে চিকিৎসা করবে। এরপর সেটি চিড়িয়াখানায় হস্তান্তর করা হবে। পাহাড় ও জঙ্গলে খাবার সংকটের কারণে হরিণ, অজগর, মেছোবাঘ ইত্যাদি লোকালয়ে নেমে এলে না মেরে উপজেলা প্রশাসন, বন বিভাগ বা চিড়িয়াখানা কর্তৃপক্ষকে খবর দেওয়ার অনুরোধ জানান তিনি।