জুলাই সনদ সংসদে বাস্তবায়নের উদ্যোগ না নিলে রাজপথেই এর সমাধান হবে বলে হুঁশিয়ারি দিয়েছে জামায়াত ইসলামীর নেতৃত্বাধীন ১১ দলীয় ঐক্য।
শনিবার (১১ এপ্রিল) বিকেলে নগরের আন্দরকিল্লা শাহী জামে মসজিদ উত্তর গেটে আয়োজিত বিক্ষোভ মিছিল ও সমাবেশ থেকে এ হুঁশিয়ারি দেওয়া হয়। কর্মসূচির আয়োজন করে চট্টগ্রাম মহানগরীর ১১ দলীয় ঐক্য। পরে বিক্ষোভ মিছিল নগরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে চট্টগ্রাম প্রেসক্লাব গিয়ে শেষ হয়।
সমাবেশে সভাপতির বক্তব্যে বাংলাদেশ খেলাফত মজলিস চট্টগ্রাম মহানগর সভাপতি মাওলানা এমদাদুল্লাহ সোহাইল বলেন, সংসদে জুলাই সনদ বাস্তবায়নের উদ্যোগ না নিলে এর সমাধান রাজপথেই হবে। তিনি অভিযোগ করেন, গণভোটে জনগণের রায় বাস্তবায়নে গড়িমসি করা হচ্ছে এবং এতে জনগণের প্রত্যাশা উপেক্ষিত হচ্ছে।
তিনি বলেন, গণভোটে ৭০ শতাংশ জনগণের রায় বাস্তবায়নের লক্ষ্যে আমরা রাজপথে নেমেছি। সংসদে কার্যকর উদ্যোগ না এলে আন্দোলন আরও জোরদার করা হবে।
সমাবেশে চট্টগ্রাম মহানগর জামায়াতের সেক্রেটারি অধ্যক্ষ মুহাম্মদ নুরুল আমিন বলেন, নির্বাচনের আগে দেওয়া প্রতিশ্রুতি অনুযায়ী গণভোটের ফলাফল বাস্তবায়ন না করলে সরকারের অবস্থান প্রশ্নবিদ্ধ হবে। তিনি বলেন, জনগণের রায়কে সম্মান না জানালে সরকারের বৈধতা নিয়েও প্রশ্ন উঠবে।
সমাবেশে আরও বক্তব্য দেন নেজামে ইসলাম পার্টির চট্টগ্রাম মহানগর আমীর মাওলানা জিয়াউল হোসাইন, খেলাফত মজলিস নেতা মাওলানা শিহাব উদ্দিন, এনসিপির নগর যুগ্ম সমন্বয়ক আরিফ মঈনুদ্দিন, জাতীয় গণতান্ত্রিক পার্টির নগর সভাপতি আবু মোজাফফর মোহাম্মদ আনাস, খেলাফত আন্দোলন মহানগর সভাপতি মাওলানা আতিক বিন ওসমান, লিবারেল পার্টির নগর সভাপতি মুহাম্মদ গিয়াস উদ্দীন আলমসহ বিভিন্ন নেতারা।
বক্তারা বলেন, সংখ্যাগরিষ্ঠতার জোরে গণভোটের রায় উপেক্ষা করা হলে তা গণতান্ত্রিক চর্চার পরিপন্থী হবে। দ্রুত জুলাই সনদ বাস্তবায়নে কার্যকর উদ্যোগ নেওয়ার আহ্বানও জানান তারা।
এসএস/এমএফ