বিষয় :

জুলাই যোদ্ধাদের আইনি সুরক্ষা দিবে সরকার— তথ্যমন্ত্রী


২৫ মার্চ, ২০২৬ ৪:৩৮ : অপরাহ্ণ

জুলাই অভ্যুত্থানের যোদ্ধাদের সর্বসম্মতভাবে আইনি সুরক্ষা বা দায়মুক্তি দেওয়া হবে বলে জানিয়েছেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন। তিনি জানান, জাতীয় সংসদের আগামী অধিবেশনেই এ সংক্রান্ত একটি আইন পাস করা হবে।

বুধবার (২৫ মার্চ) সচিবালয়ে বর্তমান সরকারের দায়িত্ব নেওয়ার এক মাস পূর্তি উপলক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে তথ্যমন্ত্রী এসব কথা বলেন। ত্রয়োদশ সংসদ নির্বাচনে বিএনপিকে ভোট দিয়ে নির্বাচিত করায় দেশবাসীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন মন্ত্রী।

তিনি বলেন, স্বচ্ছতা বজায় রাখতে এখন থেকে প্রতি মাসে সরকারের কর্মকাণ্ডের বিস্তারিত তথ্য জাতির সামনে তুলে ধরা হবে। নির্বাচনি ওয়াদা পূরণে সরকার সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে। দায়িত্ব নেওয়ার মাত্র ২১ দিনের মাথায় ‘ফ্যামিলি কার্ড’ বিতরণ শুরু হয়েছে। দেশে ৪ কোটি ১০ লাখ পরিবারকে এই কার্ড দেওয়ার জন্য চিহ্নিত করা হয়েছে। এ ছাড়া ইতিমধ্যে ইমাম ও মুয়াজ্জিনদের সম্মানী দেওয়া শুরু হয়েছে এবং প্রতিটি এলাকায় প্রধানমন্ত্রীর পক্ষ থেকে ঈদ উপহার পৌঁছে দেওয়া হচ্ছে।

আগামী পহেলা বৈশাখে থেকে ‘কৃষক কার্ড’ বিতরণের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। প্রাথমিকভাবে ২১ হাজার কৃষক এই কার্ড পাবেন।

সরকারের সংস্কারমূলক উদ্যোগের কথা জানিয়ে তথ্যমন্ত্রী বলেন, এখন থেকে সংসদ সদস্যরা (এমপি) কোনো শুল্কমুক্ত গাড়ি বা সরকারি প্লট নেবেন না। এ ছাড়া প্রধানমন্ত্রীকে ঘিরে থাকা বিশাল ভিআইপি প্রটোকল বহরও বাতিল করা হয়েছে।

স্বাস্থ্যসেবা উন্নত করতে এক লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগের কাজ শুরু হয়েছে, যার ৮০ শতাংশই নারী। সবাইকে ‘ই-হেলথ কার্ড’ দেওয়ার পরিকল্পনাও সরকারের রয়েছে। এদিকে পোশাক শ্রমিকদের বেতন-বোনাস বাবদ ২৫০০ কোটি টাকা বরাদ্দ দেওয়ায় এবার কোনো অসন্তোষ ছাড়াই শান্তিতে ঈদ কাটছে বলে উল্লেখ করেন তিনি।

মধ্যপ্রাচ্যের যুদ্ধ পরিস্থিতির কারণে দেশে কিছুটা কঠিন সময় চললেও আপাতত জ্বালানির কোনো সংকট নেই বলে আশ্বস্ত করেন মন্ত্রী। তিনি বলেন, জ্বালানির দাম বাড়ানোর কোনো পরিকল্পনা সরকারের নেই। তাই আতঙ্কিত হয়ে বাড়তি জ্বালানি কেনার প্রয়োজন নেই।

এ ছাড়া শাহজালাল বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল দ্রুত চালুর পাশাপাশি সব বড় বিমানবন্দরে ফ্রি ইন্টারনেট সেবা দেওয়া হচ্ছে বলেও তিনি জানান।

ইরান-ইসরায়েল যুদ্ধ পরিস্থিতির কারণে ইরানে আটকে পড়া ৪০০-এর বেশি প্রবাসীকে সরকারি খরচে দেশে ফিরিয়ে আনা হয়েছে বলে জানান জহির উদ্দিন স্বপন।

এসএস/এমএফ

0Shares

আরো সংবাদ