একীভূত হওয়া ৫ ব্যাংকের আমানতকারীদের ‘হেয়ারকাট’ শুরু


১৫ জানুয়ারি, ২০২৬ ২:১৫ : অপরাহ্ণ

একীভূত হওয়া পাঁচ ব্যাংকের আমানতকারীদের হিসাব থেকে আগে দেওয়া মুনাফা কেটে নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ ব্যাংক। এতে আমানতকারীরা ২০২৪ ও ২০২৫ সালের তাদের স্থিতির ওপর কোনো মুনাফা পাবেন না। আন্তর্জাতিক রীতি মেনে আমানতকারীদের দুই বছরের মুনাফা ‘হেয়ারকাট’ (আমানতের একটি অংশ কেটে রাখা) করা হবে।

বুধবার (১৪ জানুয়ারি) বাংলাদেশ ব্যাংক এই সিদ্ধান্তের কথা পাঁচ ব্যাংকের প্রশাসককে চিঠি দিয়ে জানিয়ে দিয়েছে। একই সঙ্গে ব্যাংকগুলোর সব আমানতকারীর আমানত হিসাব পুনরায় গণনার নির্দেশ দেওয়া হয়েছে।

যে পাঁচ ব্যাংক একীভূত হচ্ছে, সেগুলো হলো ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক, গ্লোবাল ইসলামী ব্যাংক, ইউনিয়ন ব্যাংক, এক্সিম ব্যাংক ও সোশ্যাল ইসলামী ব্যাংক। এই পাঁচ ব্যাংক একীভূত করে সম্মিলিত ইসলামী ব্যাংক নামে নতুন ব্যাংক গঠন করা হচ্ছে।

বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তারা জানিয়েছেন, ২০২৪ ও ২০২৫ সালে ব্যাংক পাঁচটি বড় অঙ্কের লোকসান করেছে। এ জন্য আমানতকারীরা এই দুই বছরের জন্য তাদের আমানতের বিপরীতে কোনো মুনাফা পাবেন না। ব্যাংকগুলোতে ৭ থেকে ৯ শতাংশ মুনাফার আমানত রয়েছে। বাংলাদেশ ব্যাংকের নতুন সিদ্ধান্তের ফলে আমানতকারীরা তাদের গত দুই বছরের অর্জিত মুনাফা হারাবেন এবং তাদের আমানতের স্থিতিও আগের তুলনায় কমে যাবে।

বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী, পাঁচ ব্যাংকে বর্তমানে ৭৫ লাখ আমানতকারীর প্রায় ১ লাখ ৪২ হাজার কোটি টাকা জমা রয়েছে। তার বিপরীতে এসব ব্যাংকের ঋণ রয়েছে ১ লাখ ৯৩ হাজার কোটি টাকা, যার বড় অংশ ইতোমধ্যে খেলাপি হয়ে গেছে।

চিঠিতে বলা হয়েছে, রেজ্যুলেশন স্কিমের সুষম বাস্তবায়ন নিশ্চিত করার উদ্দেশ্যে সিদ্ধান্ত গৃহীত হয়েছে, সব আমানত হিসাবের স্থিতি ২৮ ডিসেম্বর ২০২৫ তারিখের অবস্থানের ভিত্তিতে পুনর্নির্ধারণ করতে হবে। এ ক্ষেত্রে ১ জানুয়ারি ২০২৪ থেকে ২৮ ডিসেম্বর ২০২৫ পর্যন্ত সব আমানতের ওপর কোনো মুনাফা বা লাভ বিবেচনা করা যাবে না।

এই সিদ্ধান্ত অনুযায়ী আমানতের ওপর হেয়ারকাট প্রযোজ্য হবে এবং সেই অনুযায়ী আমানতের চূড়ান্ত স্থিতি নির্ধারিত হবে। এ প্রক্রিয়া দ্রুততম সময়ের মধ্যে সম্পন্ন করার জন্য চিঠিতে অনুরোধ জানানো হয়েছে।

এসএস/এমএফ

0Shares

আরো সংবাদ