জব্বারের বলী খেলা ও বৈশাখী মেলায় সর্বোচ্চ নিরাপত্তা দেবে পুলিশ ও র‌্যাব


নিউজ ডেস্ক ১৭ এপ্রিল, ২০২৬ ১১:১৪ : পূর্বাহ্ণ

চট্টগ্রামের ঐতিহাসিক আব্দুল জব্বার স্মৃতি বলী খেলার ১১৭তম আসর অনুষ্ঠিত হতে যাচ্ছে আগামী ২৫ এপ্রিল। সে সঙ্গে বসবে দেশের সর্ববৃহৎ বৈশাখী মেলা। মেলা অনুষ্ঠিত হবে ২৪ এবং ২৫ এপ্রিল। এবারের বলী খেলা ও বৈশাখী মেলায় সর্বোচ্চ নিরাপত্তা প্রদানের ঘোষণা দিয়েছে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ (সিএমপি) ও র‌্যাব।

বৃহস্পতিবার (১৬ এপ্রিল) দুপুরে নগরের দামপাড়াস্থ সিএমপির সম্মেলন কক্ষে অনুষ্ঠিত নিরাপত্তা সমন্বয় সভায় সভাপতিত্ব করেন চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ কমিশনার হাসান মো. শওকত আলী।

সভায় মেট্রোপলিটন পুলিশের শীর্ষ কর্মকর্তা, আয়োজক কমিটি, র‌্যাব, জেলা প্রশাসন, সিটি কর্পোরেশন, সিভিল সার্জন, ফায়ার সার্ভিস, এন এস আই, সিএসবি, ডিবি সহ বিভিন্ন সংস্থার প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

সভায় এবারের বলী খেলা ও দেশের সর্ববৃহৎ বৈশাখী মেলা সুষ্ঠুভাবে সম্পন্ন করতে মেট্রোপলিটন পুলিশ ও র‌্যাবের পক্ষ থেকে সর্বোচ্চ নিরাপত্তা প্রদানের ঘোষণা দেয়া হয়। সে সাথে বৈশাখী মেলা ২৪ এপ্রিল এবং ২৫ এপ্রিল দু’দিন অনুষ্ঠানের সিদ্ধান্ত নেয়া হয়। ২৬ এপ্রিল এসএসসি পরীক্ষা এবং পার্শ্ববর্তী মুসলিম হাই স্কুলে এসএসসি পরীক্ষার কেন্দ্র থাকায় সেদিন ভোরে মেলা শেষ করার সিদ্ধান্ত নেওয়া হয়।

সিএমপি’র পক্ষ থেকে এবারের বলী খেলার ১১৭তম আসর সুষ্ঠু ভাবে সম্পন্ন করতে মূল ভেন্যুর নিরাপত্তা, ওয়াচ টাওয়ার স্থাপন, ফুট পেট্রোল ডিউটি, পিকেট/ ডাইভারশন পয়েন্ট ডিউটি, রুফটপ ডিউটি, ডিবি টিম মোতায়েন, স্পেশাল রিজার্ভ পুলিশ মোতায়েন, কুইক রেসপন্স টিম গঠন, সোয়াট ও বোম্ব ডিসপোজাল ইউনিট, ডগ স্কোয়াড (কে-নাইন), স্ট্যান্ডবাই ফোর্স, র‌্যাবের বিশেষ ফোর্স সহ ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা গ্রহণের কথা জানানো হয়। সে সাথে বৈশাখী মেলা চলাকালীন প্রধান সড়ক, বিশেষ করে মেট্রোপলিটন পুলিশের সদর দপ্তর থেকে জেলা পরিষদ মার্কেটের সামনে হয়ে সিনেমা প্যালেস পর্যন্ত সড়ক ও কোতোয়ালী থানা সড়কে যান চলাচলের জন্য উন্মুক্ত রাখা এবং কোন অবস্থাতে এ সড়কের উপর মেলা না বসানোর সিদ্ধান্ত হয়।

মেলায় চাঁদাবাজি ও ছিনতাই রোধকল্পে ব্যবস্থা গ্রহণ, অশ্লীল গান- নৃত্য পরিবেশনা নিষিদ্ধ এবং কোন প্রকার জুয়ার আসর না বসানো, সন্দেহজনক কাউকে পাওয়া গেলে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কাছে সোপর্দ করার সিদ্ধান্ত নেয়া হয়।

নিরাপত্তার সার্থে ড্রোন ওড়াতে মেট্রোপলিটন পুলিশের পূর্বানুমতি গ্রহণ, বিশেষজ্ঞ ডাক্তারের নেতৃত্বে প্রয়োজনীয় সংখ্যক মেডিকেল টিম প্রস্তুত রাখা এবং লালদিঘী মাঠ বা সুবিধাজনক স্থানে ফায়ারের গাড়ী স্ট্যান্ডবাই রাখা সিদ্ধান্ত নেয়া হয়। এবারের বলী খেলার প্রধান স্পন্সর মোবাইল অপারেটর বাংলালিংক।

সভায় আরও বক্তব্য রাখেন, পুলিশের ডিসি দক্ষিণ হোসাইন মোহাম্মদ কবির ভূঁইয়া, ডিসি ডিবি মো. হাবিবুর রহমান, ডিসি সিটিএসবি মো. রবিউল ইসলাম, মো: রুহুল কুদ্দুস, ডিসি ডিবি শেখ শরিফুল ইসলাম, ডিসি ক্রাইম মোহাম্মদ রইস উদ্দিন, র‍্যাবের এসপি মোজাফফর হোসাইন, আয়োজক কমিটির সভাপতি মোহাম্মদ হাফিজুর রহমান, সিনিয়র সহ-সভাপতি চৌধুরী ফরিদ, সাধারণ সম্পাদক শওকত আনোয়ার বাদল, কমিটির সিনিয়র সদস্য সাবেক কাউন্সিলর ইসমাইল বালি, হারুন জামান, আলী হাসান রাজু, আক্তার আনোয়ার চঞ্চল, জাহাঙ্গীর আলম, তানজিদ আনোয়ার রাতুল, এনএসআইয়ের সরকারি পরিচালক শেখ আলীফ উদ্দিন, চট্টগ্রাম সিটি কর্পোরেশনের ম্যাজিস্ট্রেট চৈতি সর্ববিদ্যা, জেলা প্রশাসকের সহকারী কমিশনার মো: আসিফ জাহান সিকদার, এডিসি ট্রাফিক মো: রবিউল ইসলাম, এডিসি উত্তর সোহেল পারভেজ, ওসি কোতোয়ালি মো. আফতাব উদ্দিন, সিভিল সার্জন এর প্রতিনিধি ডাক্তার মোহাম্মদ শাহাদাত হোসেন প্রমুখ।

এসএস/এমএফ

0Shares

আরো সংবাদ