রাজশাহী ডেস্ক : ছেলেকে স্কুলে নেওয়ার পথে বাসচাপায় সড়কেই ঝরে গেল বাবা-ছেলের প্রাণ। আজ বৃহস্পতিবার (২ ডিসেম্বর) সকাল সোয়া ৯টার দিকে রাজশাহী-চাঁপাইনবাবগঞ্জ মহাসড়কের গোদাগাড়ী দেওপাড়া ইউনিয়নের বাঁশলীতলা নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন বাবা সাজু মিয়া (৪০) ও তার শিশুপুত্র আব্দুল্লাহ আল আলিফ (১০)। সাজু দিনাজপুর জেলার ঘোড়াঘাট উপজেলার নন্দনপুর গ্রামের আবদুল মজিদেরর ছেলে। তিনি গোদাগাড়ীর বিজয়নগরে দীপ শিখা নামে একটি এনজিওতে কর্মরত ছিলেন।
গোদাগাড়ী ফায়ার স্টেশনের স্টেশন অফিসার জাহাঙ্গীল আলম সরকার জানান, সকাল ৯টার দিকে মোটরসাইকেলে চেপে ছেলেকে স্কুলে পৌঁছে দিতে যাচ্ছিলেন সাজু মিয়া।
রাজশাহী-চাঁপাইনবাবগঞ্জ মহাসড়কের উপজেলার বিজয়নগর বাঁশলীতলা এলাকায় রহনপুর থেকে রাজশাহীগামী বিআরটিসির একটি বাস তাদের চাপা দেয়।
এতে মোটরসাইকেল আরোহী বাবা ও ছেলে ঘটনাস্থলেই মারা যান। খবর পেয়ে সকাল সোয়া ৯টার দিকে ফায়ার সার্ভিস কর্মীরা গিয়ে মরদেহ উদ্ধার করে। পরে পুলিশ এসে নিয়ে যায়।
এদিকে রাজশাহী নগর পুলিশের বোয়ালিয়া মডেল থানার উপপরিদর্শক মিজানুর রহমান জানান, সকাল সাড়ে ৮টার দিকে রাজশাহী-নওগাঁ মহাসড়ক হয়ে নগরীতে প্রবেশ করছিলেন নাজমুল হোসেন।
ওয়াসা ভবন-সংলগ্ন সপুরা আহম্মেদ নগর এলাকায় বিপরীতগামী একটি বাস তাকে চাপা দিয়ে যায়।
এতে দেহ ছিন্নভিন্ন হয়ে ঘটনাস্থলেই মারা যান নাজমুল। খবর পেয়ে সাড়ে ৯টার দিকে পুলিশ গিয়ে মরদেহ উদ্ধার করে। এ নিয়ে আইনত ব্যবস্থা নেওয়া হচ্ছে।
এস এস/