চট্টগ্রামে দুই ছিনতাইকারী গ্রেপ্তার


২ মার্চ, ২০১৮ ২:০৫ : পূর্বাহ্ণ

সকালেরসময় ডেস্ক::  চট্টগ্রাম শহরে একটি ওয়ান শুটারগান, গুলি ও ছোরাসহ দুইজন গ্রেপ্তার হয়েছে, যারা ছিনতাইয়ে জড়িত বলে র‌্যাব জানিয়েছে। শুক্রবার র‌্যাব-৭ এর এক সংবাদ বিজ্ঞপ্তিতে আগের রাতে দুজনকে গ্রেপ্তারের কথা জানানো হয়।

গ্রেপ্তাররা হলেন- আবু জাহিদ (২২) ও মো. শাহাবুদ্দীন (১৯)। এদের মধ্যে জাহিদ চট্টগ্রামের চন্দনাইশ উপজেলার সাতবাড়িয়া গ্রামের আবুল বশর মিস্ত্রির ছেলে। অন্যজন কক্সবাজারের কুতুবদিয়ার পশ্চিম আমজাখালী গ্রামের মাহমুদ উল্লাহর ছেলে।

র‌্যাব-৭ এর সহকারী পরিচালক (মিডিয়া) মিমতানুর রহমান  বলেন, রাত সাড়ে ১১টার সময় চকবাজার থানার চট্টেশ্বরী সড়কের দেশ মেডিকেলের সামনে টহলের সময় তাদের আটক করা হয়।

গতিবিধি সন্দেহজনক মনে হওয়ায় দাঁড়ানোর সংকেত দিলে তারা দৌড়ে পালানোর চেষ্টা করে। ধাওয়া করে তাদের ধরা হয়। দেহ তল্লাশি করে তাদের কাছ থেকে একটি ওয়ান শুটারগান, এক রাউণ্ড গুলি ও একটি ছোরা উদ্ধারের কথা জানান র‌্যাব কর্মকর্তা মিমতানুর।

দেশ মেডিকেলে আসা রোগী ও জনসাধারণকে অস্ত্রের মুখে ভয় দেখিয়ে টাকা ও মূল্যবান জিনিস ছিনিয়ে নেয় বলে দুজন প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানিয়েছে। নগরীর চকবাজার থানায় তাদের বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা হয়েছে।

0Shares

আরো সংবাদ