সকালেরসময় মহেশখালী প্রতিনিধি :: কক্সবাজারের মহেশখালীতে বুধবার সন্ধ্যায় আকাশে সংঘর্ষের পর বিমানবাহিনীর দুটি প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়েছে। বিধ্বস্ত হওয়ার পর পর বিমানে আগুন ধরে যায়। কক্সবাজার ফায়ার সার্ভিস ঘটনাস্থলে গিয়ে আগুন নেভানোর চেষ্টা করছে।
তবে হতাহত বা ক্ষয়ক্ষতির কোনও তথ্য সম্পর্কে এখনও জানা যায়নি।
আন্তঃবাহিনী গণসংযোগ পরিদফতরের (আইএসপিআর) সহকারী পরিচালক (বিমান বাহিনী ডেস্ক) মো. নূর ইসলাম জানান, দুটি (YAK-130) বিমান বিধ্বস্ত হয়েছে। দুটি বিমানে চার জন ছিলেন। দুর্ঘটনার সময় বিমান দুটি রাডার থেকে বিচ্ছিন্ন ছিল। তাই বিমান বা যারা এতে ছিলেন তাদের অবস্থা জানা যাচ্ছে না।
আইএসপিআর পরিচালক লেফটেন্যান্ট কর্নেল রাশেদুল হাসান দুর্ঘটনার খবর নিশ্চিত করেছেন। দুর্ঘটনা কবলিত বিমান ও এর আরোহীদের বিষয়ে পরে জানানো হবে বলেও উল্লেখ করেন তিনি।
বিমান বাহিনীর বরাতে জানানো হয়, বুধবার সন্ধ্যা পৌনে সাতটার দিকে বিধ্বস্ত হওয়ার পর বিমান দুটি দুই জায়গা পড়েছে। একটি মহেশখালীর পালপাড়ায় এবং অন্যটি কম্পনিয়া পাহাড়ি এলাকায় পড়েছে। বিধ্বস্ত হওয়ার পর একটি বিমানে আগুন ধরে যায়।