রাজধানীর মিরপুর ৭ রূপনগর থানার পেছনে চলন্তিকার মোড়ে বস্তিতে ভয়াবহ আগুনের ঘটনা ঘটেছে। খবর পেয়ে আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের ১৫টি ইউনিট।
শুক্রবার (১৬ আগস্ট) সন্ধ্যা ৭টা ২২ মিনিটে আগুনের সূত্রপাত হয়। ফায়ার সার্ভিস সদর দফতরের ডিউটি অফিসার এরশাদ হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, আগুনের খবর পাওয়ার পরই মোট ১২টি ইউনিট পাঠানো হয়েছে। পরে আরও ৩টি ইউনিট ও ৫০টি গাড়িতে পানি সরবরাহ করছে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন ও ঢাকা ওয়াসা।
বাংলাদেশ ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের মিডিয়া সেলের কর্মকর্তা (স্টেশন অফিসার) মো. রায়হান এ তথ্য জানিয়েছেন।
তিনি বলেন, বস্তির আগুনের কাছাকাছি যাওয়ার মতো রাস্তা নেই। যে রাস্তা আছে, সেটা খুব সরু। যে কারণে পানি সরবরাহ করতে অনেক কষ্ট হচ্ছে। আশপাশে আবাসিক ভবন ও বহুতল ভবন রয়েছে। সেসব ভবনের রিজার্ভ ট্যাংকি থেকে পানি সরবরাহ করা হচ্ছে। কিন্তু সঙ্কট কাটছে না।
ওয়াসা ও ঢাকা উত্তর সিটির কাছে পানির সহযোগিতা চাওয়া হয়েছে বলেও জানান ফায়ার সার্ভিসের এ কর্মকর্তা। আগুনের রাস্তায় উৎসুক জনতা রয়েছে। এই উৎসুক জনতার কারণে ওয়াসা ও উত্তর সিটির পানিবাহী বাড়ি প্রবেশে যাতে বাধা না পায় সেজন্য মাইকিং করছে রোভার স্কাউট ও বাংলাদেশ স্কাউটের সদস্যরা।