বিষয় :

নিউইয়র্কের পথে প্রধানমন্ত্রী


২২ সেপ্টেম্বর, ২০১৯ ৪:৫০ : অপরাহ্ণ

প্রধানমন্ত্রী শেখ হাসিনা জাতিসংঘের সাধারণ পরিষদের ৭৪তম অধিবেশনে যোগদানের জন্য আট দিনের সরকারি সফরে যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের উদ্দেশে রবিবার (২২ সেপ্টেম্বর) আবুধাবি ত্যাগ করেছেন। প্রধানমন্ত্রী ২৭ সেপ্টেম্বর ইউএনজিএ ৭৪তম বার্ষিক অধিবেশনে ভাষণ দেবেন।

সফরকালে প্রধানমন্ত্রী ২৪ সেপ্টেম্বর ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এবং ২৮ সেপ্টেম্বর জাতিসংঘ মহাসচিব অ্যান্তোনিও গুতেরেসের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক করবেন। ইতিহাদ এয়ারলাইনসের একটি বিমান (ইওয়াই-১০১) রবিবার সকাল ১০টা ৪৫ মিনিটে প্রধানমন্ত্রী এবং তার সফরসঙ্গীদের নিয়ে আবুধাবিতে এক দিনের যাত্রাবিরতি শেষে নিউইয়র্কের উদ্দেশে যাত্রা করে।

একইদিনে প্রধানমন্ত্রী বিকাল ৪টা ২৫ মিনিটে (স্থানীয় সময়) নিউইয়র্কের জন এফ কেনেডি আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছাবেন। বিমানবন্দরে যুক্তরাষ্ট্রে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মোহাম্মদ জিয়াউদ্দিন এবং জাতিসংঘে বাংলাদেশের রাষ্ট্রদূত ও স্থায়ী প্রতিনিধি মাসুদ বিন মোমেন প্রধানমন্ত্রীকে স্বাগত জানাবেন।

এর আগে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের একটি ভিভিআইপি ফ্লাইট প্রধানমন্ত্রী এবং তার সফরসঙ্গীদের নিয়ে শুক্রবার (২০ সেপ্টেম্বর) বিকাল ৩টা ৩৫ মিনিটে আবুধাবির উদ্দেশে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ত্যাগ করে।

২৩ সেপ্টেম্বর প্রধানমন্ত্রী শেখ হাসিনা স্পেনের প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজের সঙ্গে কো-চেয়ার হিসেবে জাতিসংঘ ইকোনমিক অ্যান্ড সোসাল কাউন্সিলে (ইসিওএসওসি) একই সঙ্গে ইউনিভার্সাল হেলথ কভারেজ বিষয়ে উচ্চপর্যায়ের বহুপাক্ষিক প্যানেল বৈঠক পরিচালনা করবেন।

এছাড়া, প্রধানমন্ত্রী অছি পরিষদে ইউনিভার্সাল হেলথ কভারেজ বিষয়ে উচ্চপর্যয়ের বৈঠকের পূর্ণাঙ্গ অধিবেশনে বাংলাদেশের অবস্থান তুলে ধরবেন বলে আশা করা হচ্ছে। প্রধানমন্ত্রী জাতিসংঘ সাধারণ পরিষদ হলে ক্লাইমেট অ্যাকশন সামিটে বক্তব্য রাখবেন এবং ‘রিকগনাইজিং পলিটিক্যাল লিডারশিপ ফর ইম্যুনাইজেশন ইন বাংলাদেশ’ বিষয়ক অনুষ্ঠানে যোগ দেবেন।

প্রধানমন্ত্রী ২৪ সেপ্টেম্বর লোটে নিউইয়র্ক প্যালেস হোটেলের কেনেডি রুমে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক করবেন। শেখ হাসিনা জাতিসংঘ সদর দফতর (ইউএনএইচকিউ) বুথে ইনক্লুসিভ ফিন্যান্স ফর ডেভেলপমেন্টের জাতিসংঘ মহাসচিবের স্পেশাল অ্যাডভোকেট কুইন মেক্সিমার সঙ্গে বৈঠক করবেন।

তিনি জাতিসংঘ সদর দফতরের কনফারেন্স রুম ৭-এ গ্লোবাল কমিশন অন অ্যাডাপ্টেশন আয়োজিত একটি অনুষ্ঠানে অংশ নেবেন। এছাড়া প্রধানমন্ত্রী নর্থ ডেলিগেট’স লাউঞ্জে জাতিসংঘ মহাসচিব আয়োজিত রাষ্ট্রীয় ভোজসভায় অংশ নেবেন।

তিনি জাতিসংঘ সদর দফতরের কনফারেন্স রুম ১১-তে বাংলাদেশের স্থায়ী মিশন ও ওআইসি সচিবালয় আয়োজিত মিয়ানামারে রোহিঙ্গা সংখ্যালঘুদের অবস্থার ওপর একটি উচ্চপর্যায়ের বৈঠকেও যোগ দেবেন।

শেখ হাসিনা ইউএনএইচকিউ’র ইসিওএসওসি চেম্বারে ‘লিডারশিপ ম্যাটার্স-রিলেভ্যান্স অব মহাত্মা গান্ধী ইন দ্য কন্টেম্পোরারি ওয়ার্ল্ড’ শীর্ষক এক অনুষ্ঠানে যোগ দেবেন। এছাড়া, তিনি লোটে নিউইয়র্ক প্যালেস হোটেলে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আয়োজিত একটি অভ্যর্থনা অনুষ্ঠানে যোগ দেবেন।

২৫ সেপ্টেম্বর ট্রাস্টিশিপ কাউন্সিলে টেকসই উন্নয়নের (এসডিজি সম্মেলন) ওপর উচ্চ পর্যায়ের রাজনৈতিক ফোরামে ‘লোকালাইজিং দ্য এসডিজিস’ এ প্রধানমন্ত্রী কো-মডারেটরের দায়িত্ব পালন করবেন। প্রধনামন্ত্রী শেখ হাসিনা কাউন্সিল অন ফরেন রিলেশনস এ ‘এ কনভারসেশন উইথ অনারেবল প্রাইম মিনিস্টার শেখ হাসিনা’ শীর্ষক একটি অনুষ্ঠানেও অংশ নেবেন।

একই দিনে লোটে নিউইয়র্ক প্যালেস হোটেলে বাইলেটারেল মিটিং রুমে তিনি অস্ট্রেলিয়ার সাবেক প্রধানমন্ত্রী এবং সকবার জন্য স্যানিটেশন এন্ড ওয়াটারের সভাপতি কেভিন রাডের সঙ্গে বৈঠক করবেন। এছাড়া, তিনি বাংলাদেশ হাউসে একটি নৈশভোজে অংশ নেবেন।

প্রধানমন্ত্রী ২৬ সেপ্টেম্বর লোটে নিউইয়র্ক প্যালেস হোটেলের বাইলেটারেল মিটিং রুমে ইক্সোনমোবিল এলএনজি মার্কেট ডেভেলপমেন্ট ইনকরপোরেটেডের চেয়ারম্যান এলেক্স ভি. ভলকোভ, ইউনেস্কোর সাবেক মহাপরিচালক ইরিনা বোকোভা, বিল অ্যান্ড মেলিন্ডা গেটস ফাউন্ডেশনের কো- চেয়ার বিল গেটস এবং আইসিসি প্রোসিকিউটর ফাতোউ বেনসোউদার সঙ্গে বৈঠক করবেন।

শেখ হাসিনা একইদিনে লোটে নিউইয়র্ক প্যালেসের হোলমেসে ইউএস চেম্বার অব কমার্স আয়োজিত মধ্যাহ্ন ভোজে অংশ নেবেন। এছাড়াও তিনি ইউনিসেফ হাউজের লাবৌউইস হলে ইউনিসেফ আয়োজিত ‘এক ইভেনিং উইথ প্রাইম মিনিস্টার শেখ হাসিনা’ অনুষ্ঠানে অংশ নেবেন।

শেখ হাসিনা ২৭ সেপ্টেম্বর জাতিসংঘ সদর দফতরের কনফারেন্স রুম ১ এ বাংলাদেশের স্থায়ী মিশন আয়োজিত ‘সাসটেইনেবল ইউনিভার্সেল হেল্থ কাভারেজ: কমপ্রিহেনসিভ প্রাইমারি কেয়ার ইনক্লুসিভ অব মেন্টাল হেল্থ অ্যান্ড ডিজেবিলিটিজ’ শীর্ষক একটি উচ্চ পর্যায়ের অনুষ্ঠানে যোগ দেবেন।

একই দিন তিনি জাতিসংঘ সাধারণ সম্মেলনের ৭৪তম বার্ষিক সাধারণ বিতর্কে বক্তৃতা দেবেন। শেখ হাসিনা ২৮ সেপ্টেম্বর নিউইয়র্কে বাংলাদেশের স্থায়ী মিশনে প্রেস ব্রিফিং করবেন। এছাড়াও তিনি নিউইয়র্কের হোটেল ম্যারিয়ট মারকুইসে বাংলাদেশি কমিউনিটি আয়োজিত একটি অভ্যর্থনা অনুষ্ঠানে যোগ দেবেন।

জাতিসংঘ সচিবালয়ে বাংলাদেশ প্রধানমন্ত্রী শেখ হাসিনা জাতিসংঘ মহাসচিব অ্যান্তোনিও গুতেরেসের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠকে বসবেন এছাড়া, প্রধানমন্ত্রী ভ্যাকসিনেশন ও যুব দক্ষতা উন্নয়নে বাংলাদেশের ব্যাপক সাফল্যের জন্য জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশন চলাকালে দুটি আন্তর্জাতিক পুরস্কার গ্রহণ করবেন।

পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আবদুল মোমেন গত বুধবার এক সংবাদ সম্মেলনে জানিয়েছেন, গ্লোবাল এলায়েন্স ফর ভ্যাকসিনেশন এন্ড ইমিউনাইজেশন (গাভি) টিকা প্রদানে বাংলাদেশের অসামান্য সাফল্যের স্বীকৃতিতে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ‘ভ্যাকসিন হিরো’ নামে পুরস্কার প্রদানের আগ্রহ প্রকাশ করেছে।

তিনি বলেন, ‘এছাড়াও, ইউনিসেফ জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশন চলাকালে ‘চ্যাম্পিয়ন অব স্কিল ডেভেলপমেন্ট ফর ইয়ুথ’ শীর্ষক পুরস্কারে প্রধানমন্ত্রীকে সম্মানিত করবে। এছাড়া, প্রধানমন্ত্রী ভয়েস অব আমেরিকা, ওয়াশিংটন পোস্ট ও ওয়াল স্ট্রিট জার্নালসহ আন্তর্জাতিক সুপরিচিত গণমাধ্যমকে সাক্ষাৎকার দেবেন।

প্রধানমন্ত্রী ২৯ সেপ্টেম্বর স্থানীয় সময় রাত ৯টায় ইতিহাদ এয়ারওয়েজের একটি ফ্লাইটে করে নিউইয়র্ক থেকে ঢাকার উদ্দেশে রওয়ানা দেবেন। তিনি আবুধাবি হয়ে ঢাকায় পৌঁছাবেন। আগামী ৩০ সেপ্টেম্বর স্থানীয় সময় রাত ৮টায় শেখ হাসিনা আবুধাবি আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করবেন।

প্রধানমন্ত্রী আবুধাবি আন্তর্জাতিক বিমানবন্দর থেকে স্থানীয় সময় রাত ১০টা ৪৫ মিনিটে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের একটি ভিভিআইপি বিমানযোগে ঢাকার উদ্দেশে রওয়ানা দেবেন। ফ্লাইটটি ১ অক্টোবর ভোরে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করার কথা রয়েছে।

সুত্র: বাসস

0Shares

আরো সংবাদ