চট্টগ্রামের সীতাকুণ্ড পৌরসভার মীরেরহাট বটতলা এলাকায় ভয়াবহ সড়ক দুর্ঘটনায় পাঁচজন নিহত হয়েছেন। আহত হয়েছেন ২০ জনের বেশি যাত্রী। রোববার সন্ধ্যা সাতটার দিকে সিডিএম পরিবহনের একটি যাত্রীবাহী বাস একটি মোটরসাইকেলকে বাঁচাতে গিয়ে দাঁড়িয়ে থাকা স্ক্রাব–বাহী ট্রাককে সজোরে ধাক্কা দিলে এ দুর্ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, মোটরসাইকেলটি হঠাৎ বাসের সামনে চলে আসে। চালক বাসের নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন। বাসটি সড়কের পাশে দাঁড়িয়ে থাকা ট্রাকের পেছনে ধাক্কা দিলে সামনের অংশ দুমড়েমুচড়ে যায়। ঘটনাস্থলেই চারজন মারা যান। পরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পর আরও একজনের মৃত্যু হয়।
স্থানীয় লোকজন ও হাইওয়ে পুলিশ দ্রুত উদ্ধারকাজ শুরু করে। আহতদের মধ্যে বেশ কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাঁদের চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। নিহতদের পরিচয় এখনো নিশ্চিত করা যায়নি।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক জানান, মোট ২০ জনকে হাসপাতালে আনা হয়। তাঁদের মধ্যে একজন চিকিৎসাধীন অবস্থায় মারা যান। গুরুতর আহত ১২ জনকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
কুমিরা পুলিশ ফাঁড়ির ইনচার্জ ইন্সপেক্টর জাকির রাব্বানী বলেন, ‘যাত্রীবাহী বাসটি দাঁড়িয়ে থাকা একটি ট্রাকের পেছনে ধাক্কা দিলে এই হতাহতের ঘটনা ঘটে। দুর্ঘটনার সঠিক কারণ তদন্ত করে দেখা হচ্ছে।
স্থানীয় বাসিন্দারা বলেন, এলাকায় দীর্ঘদিন ধরেই বেপরোয়া গতিতে বাস চলাচল এবং সড়কের পাশে ট্রাকের অনিয়মিত পার্কিংয়ের কারণে দুর্ঘটনা বাড়ছে। এ বিষয়ে হাইওয়ে পুলিশের আরও কার্যকর পদক্ষেপের দাবি করেছেন তাঁরা।
এসএস/এমএফ