নিজস্ব প্রতিবেদক: চট্টগ্রামের সীতাকুণ্ডে পুরাতন জাহাজ ভাঙার কারখানায় (শিপ ব্রেকিং ইর্য়াড) কাজ করার সময় দুর্ঘটনায় এক শ্রমিক নিহত হয়েছেন। সোমবার দিবাগত রাতে উপজেলার সোনাইছড়ি ইউনিয়নের গামারীতলা এলাকায় কবির স্টিল শিপ ইয়ার্ডে এ ঘটনা ঘটে।
নিহত শ্রমিকের নাম আরিফুল ইসলাম সুজন। তিনি একই ইউনিয়নের বার আউলিয়াস্থ ফুলতলা গ্রামের মৃত রুহুল আমিনের ছেলে ও কবির স্টিল শিপ ইয়ার্ডে কাটারম্যান হিসেবে কর্মরত ছিলেন।
পারিবারের বরাত দিয়ে সীতাকুণ্ড মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম আজাদ জানান, নিহত সুজন রাতে পুরাতন স্ক্র্যাপ জাহাজে কাজ করার সময় লোহার আঘাতে গুরুতর আহত হন। এ সময় সহকর্মীরা তাকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ওসি জানান, লাশ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। ময়নাতদন্ত শেষে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হবে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেয়া হবে।
এসএস/এমএফ