চট্টগ্রামের রিয়াজুদ্দীন বাজারে পরিবেশ অধিদপ্তরের অভিযানে বাধা দেওয়ার অভিযোগে বণিক সমিতির সভাপতি ও সাধারণ সম্পাদকসহ ৫ ব্যবসায়ীর বিরুদ্ধে মামলা করেছে পরিবেশ অধিদপ্তর।
বৃহস্পতিবার (২০ অক্টোবর) রাতে পরিবেশ অধিদপ্তর চট্টগ্রাম মহানগরের সহকারী পরিচালক আবদুল মতিন বাদী হয়ে কোতোয়ালী থানায় মামলাটি করেন।
আসামিরা হলেন–রিয়াজউদ্দিন বাজার বণিক কল্যাণ সমিতির সভাপতি ছালামত আলী চৌধুরী, সাধারণ সম্পাদক আবদুল কালাম, যুগ্ম সাধারণ সম্পাদক আবদুল শুক্কুর, কোষাধক্ষ্য কাজী মাহাবুবুর রহমান ও সাংগঠনিক সম্পাদক কাজী মোহাম্মদ ইদ্রিছ।
পরিবেশ অধিদপ্তরের পরিদর্শক মো মনির হোসেন বলেন, ‘গোপন সংবাদের ভিত্তিতে গতকাল বিকেল সাড়ে তিনটার দিকে রিয়াজউদ্দিন বাজারে ১ হাজার কেজি ব্যবহার নিষিদ্ধ পলিথিন ব্যাগ উদ্ধারে অভিযান চালায় পরিবেশ অধিদপ্তর ও চট্টগ্রাম জেলা প্রশাসনের যৌথ দল।
অভিযানকালে ২০০ কেজি পর্যন্ত নিষিদ্ধ পলিথিন জব্দ করার পর অভিযুক্তরা অভিযানে বাধা দেন। একপর্যায়ে পরিবেশ অধিদপ্তরের চট্টগ্রাম মহানগরের পরিদর্শক শাওন শওকতকে ধাক্কা দিয়ে আহত করেন অভিযুক্তরা। সরকারি কাজে বাধা দেওয়া ও আমাদের এক কর্মকর্তাকে আহত করায় তাদের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।
এসএস