বঙ্গবন্ধুর স্বপ্ন ছিল একটি স্বাধীন সোনার বাংলাদেশ প্রতিষ্ঠা করা। তাঁর নেতৃত্বে আমাদের মহান মুক্তিযুদ্ধের মাধ্যমে অর্জিত হয় একটি স্বাধীন দেশ, একটি পতাকা ও নির্দিষ্ট ভূখণ্ড। বঙ্গবন্ধুর জন্মের এই দিনকে স্মরণীয় করে রাখতে চট্টগ্রামের বিশিষ্ট ব্যবসায়ী, সমাজসেবক লায়ন এমজেএফ আহসানুল করিম প্রচলিত বি.এস খতিয়ানের নাম পরিবর্তন করে ‘বঙ্গবন্ধু খতিয়ান’ করার জন্য বিশেষ প্রস্তাবনা পেশ করেছেন মাননীয় প্রধানমন্ত্রীর নিকটে।
এ বিষয়ে আহসানুল করিম বলেন, বিশ্বময় বাঙালি জাতি ও বাংলাদেশি জনগণের জন্য এই অদ্বিতীয় ও মাঙ্গলিক দিনে এই মহামানবকে গভীর শ্রদ্ধাভারে স্মরণ করছি। বাঙালি জাতির এই বিশেষ দিনকে স্মরণীয় করে রাখার জন্য আমাদের প্রাণাধিক প্রিয় জন্মভূমি বাংলাদেশের সমস্ত ভূমিকে জাতির জনক শেখ মুজিবুর রহমানের নামে একটি একক মূল খতিয়ানে অন্তর্ভুক্ত করণের প্রস্তাব করছি।
অর্থাৎ অদ্য হইতে বি.এস খতিয়ানের স্থলে ‘বঙ্গবন্ধু খতিয়ান’ হিসাবে বাংলাদেশের সকল ভূমিসমূহকে লিপিবদ্ধ করার জন্য প্রস্তাব করছি। মাননীয় প্রধানমন্ত্রী ও সংশ্লিষ্ট সকল পদস্থ কর্মকর্তাগণ দেশের প্রচলিত আইনের আলোকে বিবেচনা করে উক্ত প্রস্তাব বাস্তবায়নে সদয় পদক্ষেপ নিলে আমি চিরকৃতজ্ঞ থাকিব।
আমরা আশা করছি মাননীয় প্রধামমন্ত্রী আমার উক্ত প্রস্তাবনাটি সদয় বিবেচনা করে ‘বঙ্গবন্ধু খতিয়ান’ সৃষ্টির জন্য সংশ্লিষ্ট সকল দপ্তর ও মন্ত্রণালয়কে যথাযথ নির্দেশ প্রদান করবেন এবং ‘বঙ্গবন্ধু খতিয়ান’ সৃষ্টি করে মুজিব শতবর্ষকে চিরস্মরণীয় করে রাখবেন।
সকালের-সময় ডট কম