পার্কভিউ হসপিটালে চিকিৎসকদের জন্য লার্নিং সেন্টার চালু


২৯ আগস্ট, ২০২৫ ১১:০৮ : পূর্বাহ্ণ

পার্কভিউ হসপিটালে চিকিৎসকদের জন্য আধুনিক জ্ঞানভিত্তিক প্ল্যাটফর্ম Nestlé Nutrition Institute Learning Center (NNI LC)-এর আনুষ্ঠানিক উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে। চিকিৎসাবিজ্ঞানে পুষ্টির গুরুত্ব তুলে ধরা এবং চিকিৎসকদের জন্য হালনাগাদ তথ্য ও আন্তর্জাতিক মানের রিসোর্স সরবরাহের লক্ষ্যেই এ লার্নিং সেন্টার চালু করা হলো।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পার্কভিউ হসপিটালের ব্যবস্থাপনা পরিচালক ডা. এটিএম রেজাউল করিম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খ্যাতিমান চিকিৎসকরা—অধ্যাপক ডা.এস এম আশরাফ আলী, অধ্যাপক ডা. চৌধুরী চিরঞ্জীব বড়ুয়া, ডা. আব্দুর রাজ্জাক সিকদার, ডা. মো. সগীর, অধ্যাপক ডা. চৌধুরী শর্মীলা বড়ুয়া এবং ডা. সাবরীনা আবেদীন।

এছাড়াও উপস্থিত ছিলেন পার্কভিউ হসপিটালের মহাব্যবস্থাপক তালুকদার জিয়াউর রহমান শরীফ, হেড অব অপারেশন (ল্যাব) নাইমুর রহমান, এবং হাসপাতালের অন্যান্য কর্মকর্তা ও চিকিৎসকগণ।

বক্তারা তাঁদের বক্তব্যে বলেন, চিকিৎসা বিজ্ঞানে পুষ্টির ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। Nestlé Nutrition Institute Learning Center চিকিৎসকদের জন্য সর্বশেষ গবেষণা, ক্লিনিকাল প্র্যাকটিস ও বৈজ্ঞানিক তথ্য বিনিময়ের একটি কার্যকর মাধ্যম হিসেবে কাজ করবে।

পার্কভিউ হসপিটালের ব্যবস্থাপনা পরিচালক ডা. এটিএম রেজাউল করিম বলেন, এই উদ্যোগ চিকিৎসকদের হালনাগাদ জ্ঞান অর্জনে সহায়তা করবে এবং রোগীদের জন্য উন্নতমানের চিকিৎসা সেবা নিশ্চিত করবে।

উল্লেখ্য, Nestlé Nutrition Institute বিশ্বব্যাপী স্বাস্থ্য ও পুষ্টি বিষয়ক জ্ঞান বিনিময়ের অন্যতম শীর্ষ প্ল্যাটফর্ম। পার্কভিউ হসপিটালে এই সেন্টার চালু হওয়ায় স্থানীয় চিকিৎসকরা এখন আন্তর্জাতিক মানের রিসোর্স ব্যবহার করার সুযোগ পাচ্ছেন।

এসএস/এমএফ

0Shares

আরো সংবাদ