৩০৮৫ কোটি টাকা আত্মসাত—এস আলমের বিরুদ্ধে দুদকের ২ মামলা


১৭ ডিসেম্বর, ২০২৫ ৪:১০ : অপরাহ্ণ

চিনিকলের নামে ঋণ নিয়ে ২ হাজার ৩২ কোটি টাকা আত্মসাতের অভিযোগে আলোচিত ব্যবসায়ী গ্রুপ এস আলমের কর্ণধার সাইফুল আলম মাসুদের বিরুদ্ধে মামলা করেছে দুদক।

বুধবার দুর্নীতি দমন কমিশন (দুদক) চট্টগ্রাম-১ কার্যালয়ে করা এ মামলায় সাইফুল আলম ছাড়াও জনতা ব্যাংক ও এস আলম গ্রুপের বিভিন্ন প্রতিষ্ঠানের কর্মকর্তাসহ ৩৬ জনকে আসামি করা হয়েছে।

এছাড়া এ গ্রুপের অঙ্গ প্রতিষ্ঠান এস আলম সুপার এডিবল অয়েল লিমিটেডের নামে ঋণ নিয়ে এক হাজার ১৫২ কোটি ৫১ লাখ ১৪ হাজার ১০৭ টাকা আত্মসাতের অভিযোগে কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক ও জনতা ব্যাংকের কর্মকর্তাসহ ৩২ জনের বিরুদ্ধে আরেকটি মামলা হয়েছে। দুদক চট্টগ্রাম-১ কার্যালয়ের উপ পরিচালক সুবেল আহমেদ মামলা দুটির তথ্য গণমাধ্যমকে জানিয়েছেন।

সাইফুল আলম মাসুদকে প্রধান আসামি করে মামলায় দুদক অভিযোগ করেছে, ২০০৯ সালের ২৫ অগাস্ট থেকে চলতি বছরের ৬ মার্চ পর্যন্ত সময়ে এস আলম রিফাইন্ড সুগার ইন্ডাস্ট্রিজ লিমিটেডের নামে জনতা ব্যাংক থেকে কোভিড প্রণোদনা, এলটিআর লোনসহ বিভিন্ন উপায়ে ঋণ নিয়ে সুদেআসলে ২ হাজার ৩২ কোটি ৩০ লাখ ৪৫ হাজার ৯১৮ টাকা ৪০ পয়সা ‘আত্মসাৎ’ করা হয়েছে।

এ মামলায় সাইফুল আলমকে এস আলম রিফাইন্ড সুগার ইন্ডাস্ট্রিজ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক হিসেবে দেখানো হয়েছে। এছাড়া কোম্পানির পরিচালক আব্দুল্লাহ হাসান, সহযোগী প্রতিষ্ঠান গ্লোবাল ট্রেডিং করপোরেশনের এমডি রাশেদুল আলমমহ এসআলম গ্রুপের বিভিন্ন অঙ্গ প্রতিষ্ঠানের কয়েক জন পরিচালক ও জনতা ব্যাংকের কর্মকর্তাদের আসামি করা হয়েছে।

আরেক মামলায় অভিযোগ করা হয়েছে, এস আলাম সুপার এডিবল অয়েল লিমিটেডের নামে ২০০৫ সালের ১৩ সেপ্টেম্বর থেকে চলতি বছরের ৬ মার্চ বিভিন্ন ভাবে ঋণ নিয়ে সুদেআসলে ১ হাজার ১৫২ কোটি ৫১ লাখ ১৪ হাজার ১০৭ টাকা ৫২ পয়সা আত্মসাত করা হয়েছে।

এ মামলায় প্রধান আসামি করা হয়েছে এস আলাম সুপার এডিবল অয়েল লিমিটেডের পরিচালক শাহানা ফেরদৌসকে। এছাড়া ব্যবস্থাপনা পরিচালক মিসকাত আহমেদসহ ৩২ জনকে আসামি করা হয়েছে, যাদের ২৯ জনই জনতা ব্যাংকের কর্মকর্তা।

দুটি মামলায় আসামিদের বিরুদ্ধে দণ্ডবিধির ৪০৯/৪২০/১০৯ ধারায় ও ১৯৪৭ সালের দুর্নীতি প্রতিরোধ আইনের ৫(২) এবং ২০১২ সালের মানিলন্ডারিং প্রতিরোধ আইনের ৪(২) ধারায় অভিযোগ আনা হয়েছে।

এসএস/এমএফ

0Shares

আরো সংবাদ