ভুয়া করোনা রিপোর্ট দেয়াসহ নানা অভিযোগে দেশজুড়ে আলোচিত রিজেন্ট গ্রুপের চেয়ারম্যান
মোহাম্মদ সাহেদ ওরফে সাহেদ করিমকে চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারে আনা হয়েছে। আজ (১১ অক্টোবর) তাকে চট্টগ্রামের একটি আদালতে তোলা হবে।
শনিবার (১০ অক্টোবর) বিকেল সাড়ে ৩টার দিকে সাহেদকে চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারে আনা হয় বলে জানিয়েছেন চট্টগ্রামের জেলার রফিকুল ইসলাম।
জানা যায়, চলতি বছরের ১৩ জুলাই চট্টগ্রামের ডবলমুরিং থানায় রিজেন্ট গ্রুপের চেয়ারম্যান মো. সাহেদ ও শহীদুল্লাহ নামে এই দুই ব্যক্তির বিরুদ্ধে ৯১ লাখ ২৫ হাজার টাকা টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগে মামলা করেন মেগা মোটরর্সের ব্যবসায়ী সাইফুদ্দিন মহসীন।
ওই মামলায় সাহেদের বিরুদ্ধে নগদ ৩২ লাখ এবং চেকের মাধ্যমে ৫৯ লাখ ২৫ হাজার টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ আনা হয়। ঢাকায় ২০০টি তিন চাকার গাড়ি নামানোর অনুমোদন সরকার থেকে নিয়ে দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে ২০১৭ সালের ২২ ফেব্রুয়ারি থেকে ৫ মার্চের মধ্যে সাহেদ এই টাকা হাতিয়ে নেন বলে এজাহারে উল্লেখ করা হয়।
ঢাকায় ২০০ গাড়ির রুট পারমিট পাইয়ে দেয়ার আশ্বাস দিয়ে প্রতারক সাহেদ একটি অনুমোদনও নিয়ে দেন। কিন্তু সেটিও ছিল ভুয়া। চট্টগ্রাম নগরের ডবলমুরিংয়ের ধনিয়ালাপাড়ার মেগা মোটরর্সের মালিক জিয়াউদ্দিন মোহাম্মদ জাহাঙ্গীরের পক্ষে তার চাচাতো ভাই সাইফুদ্দিন মহসীন মামলাটি দায়ের করেন।
প্রসঙ্গত, প্রতারক সাহেদ ঢাকার রিজেন্ট হাসপাতালের চেয়ারম্যান। করোনা পরিস্থিতিতে চিকিৎসার নামে প্রতারণা করে আলোচনায় আসার পর গ্রেফতার হন এই প্রতারক।
এসএস