মোহাম্মদ ফোরকান চট্টগ্রাম:: আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচন ঘিরে চট্টগ্রামে ব্যাচেলর বাসা-মেসসহ ভাসমান বাসিন্দাদের ওপর নজরদারি বাড়িয়েছে পুলিশ। বেশ কয়েকটি স্থানে ভোটার নন, ভাসমান, ব্যাচেলর এমন বাসিন্দাদের এলাকা ছাড়তে বলা হয়েছে। পুলিশ বলছে, নাশকতা পরিকল্পনা ও দেশকে অস্থিতিশীল করা হতে পারে এমন আশঙ্কায় নিরাপত্তা ব্যবস্থার অংশ হিসেবে নজরদারি বাড়ানো হয়েছে।
চট্টগ্রামের একাধিক এলাকার ব্যাচেলর বাসা ও মেস মালিকরা জানান, পুলিশের পক্ষ থেকে নিরাপত্তার অজুহাতে ভোটের আগের দিন, ভোটের দিন ও ভোটের পরের দিন মেস ও ব্যাচেলর বাসা ফাঁকা রাখতে বলা হয়েছে। এই ধরনের নির্দেশের কারণে তারা বিপাকে পড়েছেন বলে অভিযোগ করেন। চট্টগ্রাম মহানগর পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা জানিয়েছেন, নজরদারি করা হবে, তবে এলাকা ফাঁকা করে চলে যেতে বলার কোনো নির্দেশনা দেয়া হয়নি।
চকবাজার উর্দু গলির এক বাসার মালিক নাম প্রকাশ না করার শর্তে বলেন, আমার বাসায় ব্যাচেলর রয়েছে। তাদেরকে নির্বাচনের দিনসহ তিন দিন এলাকা ছেড়ে থাকার কথা বলা হয়েছে। পুলিশ বলছে- নিরাপত্তার স্বার্থে না কি এমন নির্দেশনা। চকবাজার ও বাকলিয়া এলাকার একাধিক মেসের ছাত্র ও চাকরিজীবীরা জানান, মেসে এসে মালিক বলে গেছে নির্বাচনকালে তিন দিন মেসে থাকা যাবে না। পুলিশ না কি থাকতে নিষেধ করেছে। এই সংবাদে বেশ কয়েকজন ছাত্র চলেও গেছে।
এ ব্যাপারে চকাবাজার থানার ওসি মোহাম্মদ নিজাম উদ্দিন বলেন, নির্বাচনকে ঘিরে যাতে কোনো ধরনের নাশকতা না হয়, চট্টগ্রামকে অস্থিতিশীল করার চেষ্টা না করা হয় সেজন্য নজরদারি বাড়ানো হয়েছে। সন্দেহজনক এলাকাগুলোর ব্যাচেলর বাসা ও মেসের বাসিন্দা এবং ভাসমান লোক যারা এই এলাকার ভোটার নন তাদের এলাকা ছেড়ে চলে যেতে কোন নির্দেশনা দেওয়া হয়নি। তবে যাদের ব্যাপারে অভিযোগ বা ওয়ারেন্ট আছে তাদের বেলায় আমরা অভিযানে যাচ্ছি।
বাকলিয়া থানার ওসি প্রণব চৌধুরী বলেন, সিএমপি থেকে আমাদের এলাকায় এ ধরনের নির্দেশনা দেওয়া আছে। তবে ব্যাচেলর ও মেসের বাসিন্দা এবং নন-ভোটার ভাসমান বাসিন্দাদের নিরাপত্তাজনিত কারণে নজরদারিতে রাখা হয়েছে।
এ ব্যাপারে চট্টগ্রাম মহানগর পুলিশের অতিরিক্ত কমিশনার (ক্রাইম অপারেশন) আমেনা বেগম বলেন, নন-ভোটার, ভাসমান বাসিন্দা কিংবা ব্যালেচর কিংবা মেসের কোনো বাসিন্দাকে এলাকা ছেড়ে চলে যাবার মতো কোনো নির্দেশনা সিএমপি থেকে দেয়া হয়নি। এটা করাও কঠিন। কারণ অসংখ্য মানুষ আছেন যারা এলাকায় ভোটার কিন্তু চট্টগ্রাম ছেড়ে যাবার কোনো সুযোগ নেই। তবে নিরাপত্তা হেতু নজরদারি তো থাকাই দরকার।
নির্বাচনকালে যাতে নিরাপত্তা ব্যবস্থা ঠিক থাকে সেজন্য সব ধরনের পরিকল্পনা ও ব্যবস্থা পুলিশ গ্রহণ করেছে। নিরাপত্তার স্বার্থে আরও অনেক কিছুই করা হতে পারে। তবে এখন পর্যন্ত চট্টগ্রামের ব্যাচেলর বাসা-মেসসহ নন-ভোটার ভাসমান বাসিন্দাদের সংশ্লিষ্ট নির্বাচনী এলাকা ছাড়ার কোনো নির্দেশনা দেয়া হয়নি। তবুও বিষয়টি খোঁজ নিয়ে জানানো হবে।