শক্তিশালী ভারতকে ১-০ গোলে হারিয়েছে বাংলাদেশ


১৭ ডিসেম্বর, ২০২১ ৯:১৬ : অপরাহ্ণ
শক্তিশালী,ভারত,বাংলাদেশ

খেলাধুলা ডেস্ক : সাফ অনূর্ধ্ব-১৯ নারী ফুটবল চ্যাম্পিয়নশিপে শক্তিশালী ভারতকে ১-০ গোলে হারিয়েছে বাংলাদেশের কিশোরীরা। বুধবার (১৫ ডিসেম্বর) কমলাপুরের বীরশ্রেষ্ঠ শহীদ সিপাহী মোহাম্মদ মোস্তফা কামাল স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচে প্রতিবেশী দেশটিকে হারায় বাংলাদেশ। বাসসের খবর

আসরে এটি স্বাগতিকদের দ্বিতীয় জয়। এই জয়ে পয়েন্ট তালিকার শীর্ষস্থানে থেকে ফাইনালে খেলার সম্ভাবনা উজ্জ্বল হয়েছে বাংলাদেশ দলের।

তিন ম্যাচ থেকে এ পর্যন্ত সাত পয়েন্ট সংগ্রহ করেছে বাংলাদেশের কিশোরীরা। অপরদিকে সমান ম্যাচ থেকে ছয় পয়েন্ট সংগ্রহ করেছে ভারত।

ম্যাচের সপ্তম মিনিটে পেনাল্টি থেকে গোল করে বাংলাদেশকে এগিয়ে দেন লেফট ব্যাক সমাসুন্নাহার। ম্যাচের শেষ বাঁশি পর্যন্ত ওই লিড ধরে রাখতে সক্ষম হয় তারা।

তহুরা খাতুনকে বক্সের মধ্যে ফাউল করায় ভারতের বিপক্ষে ওই পেনাল্টির নির্দেশ দিয়েছিলেন কর্তব্যরত রেফারি। পেনাল্টি থেকে নির্ভুল শটে গোল করেন সামসুন্নাহার।

তবে পিছিয়ে পড়ার পর গোলটি পরিশোধ করে লড়াইয়ে ফেরার প্রাণপণ চেষ্টা করেছে ভারত। কয়েকটি সুযোগও সৃষ্টি করেছিল আসরের অন্যতম ফেভারেট দলটি। তবে সফল হতে পারেনি।

রোববার গ্রুপ পর্বের শেষ ম্যাচে শ্রীলংকার মোকাবেলা করবে বাংলাদেশ। ম্যাচটি অনুষ্ঠিত হবে সন্ধ্যা সাতটায়। এর আগে বিকেল তিনটায় একই ভেন্যুতে ভারত লড়বে নেপালের বিপক্ষে।

আসরের প্রথম ম্যাচে গোলশূন্য ড্র করে নেপালের সঙ্গে পয়েন্ট ভাগাভাগি করেছিল বাংলাদেশ। দ্বিতীয় ম্যাচে ভুটনাকে ৬-০ গোলে উড়িয়ে দেয় তারা।

অপরদিকে শ্রীলংকাকে ৫-০ গোলে হারিয়ে টুর্নামেন্ট শুরু করা ভারত তাদের দ্বিতীয় ম্যাচে ভুটানকে হারিয়েছে ৩-০ গোলে।

এস এস/

0Shares

আরো সংবাদ