চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় ট্রাক ও সিএনজি চালিত অটোরিক্সার মুখোমুখি সংর্ঘষে ৪ জন নিহত হয়েছে। নিহতেরা হলেন ডেইজি দত্ত (৩৫), আবুল কালাম (৬৮), মো. আকবর হোসেন (২৫) এবং সাত মাস বয়সী আদৃশ সোম আয়ান।
বৃহস্পতিবার (২৫ মার্চ) চট্টগ্রাম-কাপ্তাই সড়কের চন্দ্রঘোনা-কদমতলী ইউনিয়নের কালুগোট্টা এলাকায় রাত ৭ টায় এই দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় আহত হয়েছেন আরও চারজন। তারা হলেন আবদুল কাদের (৪৫), আবুল কালাম, মোহাম্মদ মুছা (৩০), মো. গিয়াস (২৬) ও অজ্ঞাত এক শিশু।
বিষয়টি নিশ্চিত করেন চট্টগ্রাম জেলা পুলিশের সহকারী পুলিশ সুপার (রাঙ্গুনিয়া সার্কেল) মো. আনোয়ার হোসেন শামীম। তিনি বলেন, কালুগোট্টা এলাকায় রাত ৭ টায় ট্রাকের সাথে দুটি সিএনজি চালিত অটোরিক্সার মুখোমুখি সংঘর্ষ হয়।
পরে ঘটনাস্থল হতে গুরুতর আহত অবস্থায় তাদের উদ্ধার করে চন্দ্রঘোনা হেলথ কেয়ার হাসপাতালে ভর্তি করা হয়। এদের মধ্যে কয়েকজনকে আশঙ্কাজনক অবস্থায় চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে প্রেরণ করা হয়।
চমেক হাসপাতালের পুলিশ ফাঁড়ির ইনচার্জ জহিরুল হক ভুইয়া বলেন, গুরুতর আহত অবস্থায় ডেইজি দত্ত, আবুল কালাম, আকবর হোসেন এবং আয়ানকে উদ্ধার করে হাসপাতালে আনা হলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।
জানতে চাইলে হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক মো. শহীদ বলেন, আহত দু জনকে আমাদের হাসপাতালে ভর্তি করা হয়েছে। অন্যদের চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
আনোয়ার হোসেন শামীম বলেন, দুর্ঘটনা কবলিত গাড়ি তিনটি থানায় নিয়ে যাওয়া হয়েছে। এই ঘটনায় থানায় মামলা করা হয়েছে।
এসএস