কোভিড-১৯ সংক্রমণ বেড়েই চলেছে। রোজ হাজার হাজার মানুষ আক্রান্ত হচ্ছেন। গত ২৪ ঘণ্টায় ৬ হাজার ৪৬৯ জন শনাক্ত হয়েছেন, যা গত এক বছরের রেকর্ড সংখ্যক আক্রান্ত। গত ২৪ ঘণ্টায় দেশে ৫৯ জনের মৃত্যু হয়েছে করোনাভাইরাসে। এ নিয়ে এ পর্যন্ত মারা গেছেন ৯ হাজার ১০৫ জন।
বৃহস্পতিবার (১ এপ্রিল) বিকালে করোনায় আক্রান্ত ও মৃত্যুর সবশেষ পরিসংখ্যানে স্বাস্থ্য অধিদপ্তরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। দেশে করোনা শনাক্তের হার ২২ দশমিক ৯৪ শতাংশ।
এ পর্যন্ত দেশে করোনা শনাক্ত হয়েছে মোট ৬ লাখ ১৭ হাজার ৭৬৪ জনের। বিজ্ঞপ্তিতে আরো বলা হয়, গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ২ হাজার ২৩৯ জন। এ নিয়ে মোট সুস্থ হলো ৫ লাখ ৪৪ হাজার ৯৩৮ জন।
এর আগে, বাংলাদেশে করোনাভাইরাসের প্রথম সংক্রমণ ধরা পড়েছিল গত বছরের ৮ মার্চ; তা সোয়া ৫ লাখ পেরিয়ে যায় চলতি বছরের ১৪ জানুয়ারি। এর মধ্যে গতবছরের ২ জুলাই ৪ হাজার ১৯ জন কোভিড-১৯ রোগী শনাক্ত হয়, যা এক দিনে সর্বোচ্চ শনাক্ত। আর চলতি বছরের জানুয়ারি মাস থেকে দৈনিক শনাক্ত রোগীর সংখ্যা হাজারের নিচে রয়েছে।
প্রথম রোগী শনাক্তের ১০ দিন পর গতবছরের ১৮ মার্চ দেশে প্রথম মৃত্যুর তথ্য নিশ্চিত করে স্বাস্থ্য অধিদপ্তর। সেবছরের ২৯ ডিসেম্বর তা সাড়ে সাত হাজার ছাড়িয়ে যায়। এর মধ্যে গত বছরের ৩০ জুন এক দিনেই ৬৪ জনের মৃত্যুর খবর জানানো হয়, যা ছিল এক দিনের সর্বোচ্চ মৃত্যু।
এসএস