দেশে এই প্রথম করোনায় মৃত্যু ১ জনের, আক্রান্ত ১৪ জন!


১৮ মার্চ, ২০২০ ৫:৩৩ : অপরাহ্ণ

সরকারের রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠানের (আইইডিসিআর) পরিচালক ডা. মীরজাদী সেব্রিনা ফ্লোরা জানিয়েছেন, দেশে আরও চারজন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। তাদের মধ্যে একজন পুরুষ ও তিনজন নারী।

তাদের মধ্যে দুজন ইতালিফেরত ও একজন কুয়েত থেকে এসেছেন। এ নিয়ে দেশে করোনায় মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ১৪ জনে। প্রথমবারের মতো করোনায় আক্রান্ত হয়ে বাংলাদেশে একজন বয়স্ক ব্যক্তি মারা গেছেন।

আইইডিসিআরের পরিচালক বলেন, আমাদের জন্য একটি দুঃসংবাদ আছে। বাংলাদেশে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে একজনের মৃত্যু হয়েছে। তার বয়স ৭০ বছর। তিনি করোনা রোগীর সংস্পর্শে এসে মৃত্যুবরণ করেছেন। এছাড়া তিনি ডায়াবেটিস ও কিডনি সমস্যায় আক্রান্ত ছিলেন। তাকে আইসিইউতে রাখা হয়েছিল। আজ বুধবার (১৮ মার্চ) তিনি মৃত্যুবরণ করেন।

আজ বুধবার বিকেলে রাজধানীর মহাখালীতে অবস্থিত আইইডিসিআরের সম্মেলন কক্ষে করোনাভাইরাস সম্পর্কিত নিয়মিত প্রেস ব্রিফিংয়ে এসব কথা বলেন তিনি।

১৬ জনকে আইসোলেশনে রাখা হয়েছে বলে জানান তিনি। করোনা প্রতিরোধে সাবধানতার পাশাপাশি জনসমাবেশ বন্ধের আহ্বানও জানান আইইডিসিআরের এ পরিচালক। উল্লেখ্য, গত ৮ মার্চ প্রথম তিনজনের শরীরে করোনা শনাক্ত করা হয়েছে বলে জানিয়েছে আইইডিসিআর।

সকালের-সময় ডট কম

0Shares

আরো সংবাদ