সকালেরসময় রিপোর্ট:: চট্টগ্রাম অঞ্চলে একাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে আইনশৃঙ্খলা রক্ষায় ১৪৫ প্লাটুন বিজিবি মোতায়ন করা হয়েছে। সারাদেশে আজ সোমবার (২৪ ডিসেম্বর) থেকে মাঠে থাকবে সশস্ত্র বাহিনীর (সেনা, নৌ ও বিমান বাহিনী) সদস্যরা। বিজিবির মহাপরিচালক মেজর জেনারেল সাফিনুল ইসলাম রোববার (২৩ ডিসেম্বর) চট্টগ্রামের পটিয়া উচ্চ বিদ্যালয় মাঠে বিজিবির অস্থায়ী ক্যাম্প পরিদর্শনে এসে সাংবাদিকদের বলেন, নির্বাচন কমিশনের নির্দেশনা অনুযায়ী কাজ করছে বিজিবি।
তিনি বলেন, প্রতি আসনে বিজিবির একটি করে ক্যাম্প করা হয়েছে। প্রত্যেক উপজেলায় ৪-৬ প্লাটুন ও শহর এলাকার প্রতি ওয়ার্ডে ৩-৪ প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে। প্রতি প্লাটুনে ৩০ জন বিজিবি সদস্য দায়িত্ব পালন করবেন। সারাদেশে মোট ১১শ’ ১৫ প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে। শুধু চট্টগ্রাম অঞ্চলে মোতায়েন করা হয়েছে ১৪৫ প্লাটুন বিজিবি। ১৮ ডিসেম্বর থেকে মাঠে রয়েছে বিজিবি, তবে কাজ শুরু করেছি ২০ ডিসেম্বর থেকে।