সোয়া কোটি টাকার ২০টি স্বর্ণবার মিলল পায়ের জুতায়


৩ ডিসেম্বর, ২০২১ ৭:২১ : অপরাহ্ণ
কোটি টাকা,স্বর্ণবার,জুতায়

নিজস্ব প্রতিনিধি : ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার চান্দিনায় বিশেষ অভিযান চালিয়ে ২০টি স্বর্ণবারসহ ৪২ বছর বয়সী এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ।

আজ শুক্রবার (৩ ডিসেম্বর) দুপুর পৌনে ১টার দিকে উপজেলার রারিরচর এলাকা থেকে স্বর্ণবারসহ চান্দিনা থানা পুলিশ এ ব্যক্তিকে আটক করে।

পুলিশ জানায় আটক ব্যক্তির নাম মাহমুদুল হক (৪২)। তিনি চট্টগ্রামের সাতকানিয়া উপজেলার ছোটবারকোনা গ্রামের আব্দুল সবুরের ছেলে।

তার নিকট থেকে উদ্ধার হওয়া প্রতিটি বারের ওজন প্রায় ১০ ভরি। সে হিসেবে ২০টি বারে সোয়া দুই কেজি বা ২০০ ভরি স্বর্ণ পাওয়া যায়। যার বর্তমান বাজার মূল্য প্রায় এক কোটি ৩০ লাখ টাকা।

তথ্যটি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন চান্দিনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আরিফুর রহমান। তিনি বলেন, গোপন তথ্য পেয়ে শুক্রবার দুপুরে চান্দিনা উপজেলার রারিরচর এলাকায় অবস্থান নেন পুলিশের বিশেষ টিম।

চট্টগ্রাম থেকে ছেড়ে আসা ঢাকাগামী একটি বাসকে থামানোর সংকেত দিলে বাস থেকে নেমে পালিয়ে যাওয়ার চেষ্টা করে এক যাত্রী। পরে তাকে ধাওয়া করে আটক করা হয়।

এরপর তার দেখানো তথ্যমতে দুই পায়ের জুতার ভেতর থেকে ২০টি স্বর্ণের বার উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় থানায় মামলা করা হবে বললেন ওসি।

এস এস/

0Shares

আরো সংবাদ