সারাদেশ ডেস্ক : যাত্রাবাড়ীতে ময়লার স্তূপ থেকে একজন অজ্ঞাতনামা নারীর পোড়া লাশ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার (১৭ ডিসেম্বর) সকালে মরদেহটি উদ্ধার করা হয়। তবে মৃতের পরিচয় পাওয়া যায়নি।
শরীর পুড়ে গিয়ে বিকৃত হয়ে গেছে ওই নারীর শরীর। প্রাথমিকভাবে পুলিশের ধারণা, এটি একটি পরিকল্পিত হত্যাকাণ্ড। হত্যার পর ময়লার ভ্যানে লাশ আবর্জনার স্তূপে ফেলে গেছে দুর্বৃত্তরা।
মরদেহটি সেখানে কীভাবে গেল তা এখনো জানা যায়নি। তবে পুলিশ ঘটনাটি তদন্ত করছে বলে জানিয়েছে।
মরদেহ উদ্ধারের তথ্যটি নিশ্চিত করে যাত্রাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাজহারুল ইসলাম বলেন, ঘটনাস্থলে নগরীর বিভিন্ন স্থানের ময়লা ফেলা হয়।
কোনো ময়লার গাড়ির মধ্যে মরদেহটি ছিল। ময়লার পাশাপাশি মরদেহটিও ফেলে যাওয়া হয়। নারীর শরীর পুড়ে বিকৃত হয়ে গেছে। ধারণা করা হচ্ছে, ১০ থেকে ১৫ দিন আগের ঘটনা এটি।
ওসি মাজহারুল ইসলাম আরো বলেন, মনে করা হচ্ছে, এটি একটি হত্যাকাণ্ড। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পুরান ঢাকার সলিমুল্লাহ মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। মরদেহটির পরিচয় জানার চেষ্টা চলছে।
এস এস/