নিউজ ডেস্ক: কক্সবাজারের উখিয়ার বালুখালী এলাকার ৫ নম্বর রোহিঙ্গা ক্যাম্পে ফের আগুন লেগেছে। মঙ্গলবার বিকেলে উখিয়ার লম্বাশিয়া ৫ নম্বর ক্যাম্পে এই অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়েছে বলে সমকালকে জানিয়েছেন ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স উখিয়া স্টেশনের কর্মকর্তা মো. এমদাদুল হক।
তিনি গণমাধ্যমকে জানান, উখিয়ার বালুখালী এলাকার ৫ নাম্বার ক্যাম্পে অগ্নিকাণ্ডের খবর পেয়ে আমাদের দুটি ইউনিট ঘটনাস্থলে রওনা দিয়েছে। বিস্তারিত পরে জানাচ্ছি।
আর্মড পুলিশ ব্যাটালিয়ন-১৪ (এপিবিএন) এর অধিনায়ক (পুলিশ সুপার) নাইমুল হক জানান, ক্যাম্পে আগুন লাগার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে আমাদের লোকজন কাজ করছে। পাশাপাশি ফায়ার সার্ভিস এসে আগুন নিয়ন্ত্রণে কাজ করছে।
বালুখালী ক্যাম্পের বাসিন্দা রফিক জানান, ক্যাম্পের একটি ঝুপড়ি ঘর থেকে আগুনের সূত্রপাত। তিনি বলেন, ‘বাতাস থাকায় দ্রুত আগুন ছড়িয়ে পড়ছে। আমরা সবাই মিলে আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করছি। তবে আগুনের অনেক তীব্রতা বেশি।
চলতি বছর ৯ জানুয়ারি কক্সবাজারের উখিয়ার শফিউল্লাহকাটা নামে একটি শরণার্থী শিবিরে অগ্নিকাণ্ডের ঘটনায় ছয় শতাধিক ঘর পুড়ে যায়। তিন হাজারের বেশি মানুষ আশ্রয় হারান। এর আগে ২ জানুয়ারি উখিয়া বালুখালী ২০ নম্বর ক্যাম্পের জাতিসংঘের অভিবাসন বিষয়ক সংস্থা (আইওএম) পরিচালিত করোনা হাসপাতালে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
গত বছরের ২২ মার্চ উখিয়ার বালুখালীতে আগুনে পুড়ে মারা যায় ১৫ জন রোহিঙ্গা। তখন ১০ হাজারের মতো ঘর পুড়ে ছাই হয়েছিল।
এসএস