কুমিল্লার দাউদকান্দিতে যাত্রীবাহী চলন্ত বাসে অগ্নিকাণ্ডে তিনজনের মৃত্যু হয়েছে। এতে আহত হয়েছে আরো ১৯ জন। এরমধ্যে ৯ জনের অবস্থা আশঙ্কাজনক। তাদেরকে ঢাকায় পাঠানো হয়েছে।
বৃহস্পতিবার (১১ মার্চ) সন্ধ্যা ছয়টা দিকে উপজেলার গৌরীপুর বাসস্ট্যান্ডে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ঢাকা থেকে মতলবগামী মতলব এক্সপ্রেস বাসে এ ঘটনা ঘটে। দাউদকান্দি হাইওয়ে পুলিশের হাবিলদার আশরাফুল আলম ৩ জনের মৃত্যুর খবর নিশ্চিত করেছেন।
আশরাফুল আলম বলেন, আহতদের মধ্যে ৯ জনকে ঢাকায় পাঠানো হয়েছে। ২ জনকে দাউদকান্দি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। ৬ জনকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। বাসের গ্যাসের সিলিন্ডার থেকে আগুনের সূত্রপাত বলে ধারণা করা হচ্ছে।
দাউদকান্দি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক চিকিৎসা কর্মকর্তা মোহাম্মদ জামাল উদ্দিন বলেন, আহতদের অবস্থা আশঙ্কাজনক। দুর্ঘটনার পর থেকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে প্রায় সাত কিলোমিটার এলাকায় তীব্র যানজট সৃষ্টি হয়।
দাউদকান্দি হাইওয়ে থানার ওসি জহিরুল হক বলেন, লাশগুলো দাউদকান্দি হাইওয়ে পুলিশের হেফাজতে রয়েছে। যানবাহন চলাচল স্বাভাবিক করার চেষ্টা চলছে।
এসএস