সারাদেশ ডেস্ক : রাজধানীর তুরাগ থানার চন্ডল ভোগ এলাকার একটি বাসা থেকে দগ্ধ ৩ জনের লাশ করেছে পুলিশ। আজ মঙ্গলবার (৪ জানুয়ারি) সকালে দুই কক্ষবিশিষ্ট একটি টিনশেড ঘর থেকে লাশগুলো উদ্ধার হয়।
নিহতরা তিনজনই একই পরিবারের সদস্য। এরা হলেন মো. জাহাঙ্গীর (১৯), রুমা আক্তার (১৭) ও আফরিন (১৪)। স্থানীয়দের মাধ্যমে জানা গেছে, নিহতদের দুজন ভাই বোন ও অন্যজন তাদের খালাতো বোন।
তুরাগ থানার ওসি মেহেদী হাসান এ তথ্য নিশ্চিত করে বলেন, মঙ্গলবার ভোর ৪টার দিকে চন্ডল ভোগের টিনশেডের একটি বাসায় অগ্নিকাণ্ডের ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে টিম নিয়ে ছুটে আসি।
একই বাসা থেকে তিনজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। আগুনে পুড়ে যাওয়ায় মরদেহের পরিচয় প্রাথমিকভাবে শনাক্ত করা যায়নি। তবে পরিচয় শনাক্তের চেষ্টা চলছে। স্থানীয়রা বলছেন তিনজনই ভাই বোন।
প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে বৈদ্যুতিক শটসার্কিট থেকে আগুনের সূত্রপাত হতে পারে। তিনি বলেন, নিহতদের মরদেহ এখনো ঘটনাস্থলে রয়েছে। সুরতহাল শেষে মরদেহগুলো ময়নাতদন্তের জন্য শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হবে।
এ বিষয়ে ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার খালেদা আক্তার বলেন, চন্ডল ভোগের মানিক বস্তির সরুজ মিয়ার টিনশেডের একটি ঘরে আমরা ভোর ৪টা ২০ মিনিটে আগুল লাগার খবর পাই।
আমাদের ৩টি ইউনিট ঘটনাস্থলে যায়। পরে ৫টা ২০ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে। তিনি বলেন, আগুন নিয়ন্ত্রণে আসার পর দুই কক্ষ বিশিষ্ট ঘরটিতে উদ্ধার অভিযান চালিয়ে তিনজনের দগ্ধ মরদেহ পাওয়া যায়।
এস এস/