কুমিল্লায় ট্রেনে কাটা পড়ে চার বছরের শিশুসহ বাবা-ছেলের মৃত্যু


১১ জানুয়ারি, ২০২১ ১১:৫৬ : অপরাহ্ণ

কুমিল্লার নাঙ্গলকোটে ট্রেনে কাটা পড়ে চার বছরের শিশু মোহাম্মদ জিসান ও তার বাবা মাহাবুবুল হকের (৪৫) মৃত্যু হয়েছে। সোমবার সন্ধ্যায় ঢাকা-চট্টগ্রাম রেলপথে উপজেলার মক্রবপুর ইউনিয়নের বাননগর গ্রামের উত্তর পাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত মাহাবুবুল ওই গ্রামের মৃত দেলোয়ার হোসেনের ছেলে। তিনি কৃষি কাজ করতেন বলে স্থানীয়রা জানিয়েছে।

ঘটনার প্রত্যক্ষদর্শী ওই গ্রামের বাসিন্দা মফিজুর রহমান বলেন, সোমবার সন্ধ্যায় রেললাইনের পাশ দিয়ে হাঁটছিল বাবা-ছেলে। এক পর্যায়ে চার বছরের জিসান হঠাৎ রেললাইনের উপর চলে যায়।

এ সময় ট্রেন আসতে দেখে মাহাবুবুল হক দৌঁড় দেন ছেলেকে বাঁচাতে। মুহূর্তের মধ্যে ট্রেন চলে এলে বাবা-ছেলে দু’জনই কাটা পড়ে। এতে ঘটনাস্থলেই মৃত্যু হয় তাদের। স্থানীয়রা ছুটে গিয়ে দেখেন ঘটনাস্থলে পড়ে রয়েছে ছেলের লাশ আর বাবার লাশ প্রায় ত্রিশ ফিট দূরে।

লাকসাম রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নিজাম উদ্দিন জানান, রেলওয়ের পক্ষ থেকে এ বিষয়ে আমাদের কিছুই জানানো হয়নি। স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।

এসএস

0Shares

আরো সংবাদ