৯৬ বোতল বিদেশি মদ সহ গ্রেপ্তার ১


১৭ জুলাই, ২০১৮ ৪:৪৭ : অপরাহ্ণ

সকালেরসময় চট্টগ্রাম ডেস্ক:: নগরীর কোতোয়ালী থানার টেরিবাজার এলাকার হোটেল আল ঈমামের সামনে থেকে বিদেশি মদ সহ উজ্জ্বল নামের এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার (১৭ জুলাই) সকাল নয়টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে প্রাইভেট কার তল্লাশি করে ৯৬ বোতল বিদেশি মদ জব্দ করে।

কোতোয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মহসীন সকালেরসময়কে জানান, গোপন সংবাদের ভিত্তিতে টেরিবাজারের হোটেল আল ইমামের সামনে একটি প্রাইভেট কারে তল্লাশি চালানো হয়। এ সময় ৯৬ বোতল ‘অ্যাবসলিউট ভদকা’ নামের বিদেশি মদসহ মো. উজ্জ্বলকে (২৭) গ্রেফতার করা হয়। চরজব্বর থানার (সুবর্ণচর) হাজির হাট এলাকার মো. শাহিনের ছেলে মো. উজ্জ্বল বর্তমানে বায়েজিদ বোস্তামী থানার মোহাম্মদ নগর আলমগীর সড়কের ৩ নম্বর গলির খালেক জমিদারের ভাড়াটিয়া।

জব্দ করা মদের আনুমানিক মূল্য প্রায় ৩ লাখ ৩৬ হাজার টাকা। উজ্জ্বল মদের বিপরীতে বৈধ কাগজপত্র বা আমদানির প্রমাণপত্র দেখাতে পারেনি। জিজ্ঞাসাবাদে তিনি বিদেশি মদগুলো চোরাচালানের মাধ্যমে শুল্ক ফাঁকি দিয়ে বাংলাদেশে এনে বিক্রির জন্য নিয়ে যাওয়ার বিষয়টি পুলিশের কাছে স্বীকার করেছেন। এ ঘটনায় ১৯৭৪ সালের বিশেষ ক্ষমতা আইনে মামলা হয়েছে বলে জানান ওসি মহসীন।

0Shares

আরো সংবাদ