সকালেরসময় আদালত প্রতিবেদক :: বিচারপতিদের অপসারণ সংক্রান্ত সংবিধানের ষোড়শ সংশোধনী অবৈধ ঘোষণা করে হাইকোর্টের দেয়া রায় আপিলেও বহাল থাকার পর ওই রায় পুনর্বিচেনার (রিভিউ) আবেদন করেছে রাষ্ট্রপক্ষ।
আজ রোববার সকালে আপিল বিভাগের সংশ্লিষ্ট শাখায় রিভিউ আবেদনটি দায়ের করা হয়।
অ্যাটর্নি জেনারেলের কার্যালয়ের একটি সূত্র জানায়, ৯৩৮টি রিভিউ আবেদনে ৯০টির বেশি যুক্তি রয়েছে।
বিচারপতিদের অপসারণের ক্ষমতা সংসদের কাছে ফিরিয়ে নিতে ২০১৪ সালের ১৭ সেপ্টেম্বর বর্তমান সরকারের আমলে সংবিধানের ষোড়শ সংশোধনী জাতীয় সংসদে পাস হয়। এই সংশোধনীর বৈধতা চ্যালেঞ্জ করে একই বছরের ৫ নভেম্বর সুপ্রিম কোর্টের নয়জন আইনজীবী হাইকোর্টে রিট আবেদন করেন।
বিচারপতি অপসারণ সংক্রান্ত সংবিধানের ষোড়শ সংশোধনী অবৈধ ঘোষণা করে ২০১৬ সালের ৫ মে যে রায় দিয়েছিলেন হাইকোর্ট চলতি বছরের ৩ জুলাই তা বহাল রেখে রায় দেন দেশের সর্বোচ্চ আদালত। এরপর ১ আগস্ট পূর্ণাঙ্গ রায় প্রকাশিত হয়। পূর্ণাঙ্গ রায় প্রকাশের চার মাসেরও বেশি সময় পর ওই রায়ের রিভিউ আবেদন করল রাষ্ট্রপক্ষ।