সকালেরসময় ডেস্ক :: চট্টগ্রাম নগরীর আশকারদীঘি এলাকায় রিমা কমিউনিটি সেন্টারে আয়োজিত প্রয়াত মহিউদ্দিন চৌধুরীর কুলখানিতে পদদলিত হয়ে ১০ জনের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন অর্ধশত।
সোমবার দুপুরে এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। কুলখানি উপলক্ষে সনাতন ধর্মাবলম্বীদের জন্য রিমা কমিউনিটি সেন্টারে মেজবানের আয়োজন করা হয়।
নিহতরা হলেন- কৃষ্ণ পদ (৪৫), ঝন্টু দেব পিন্টু (৪০), সুধির (৫০), প্রদীপ (৫০), লিটন দেব (৪৫), ধনা শীল (৪৫), অনক ভূমিক (৩২), কনক দাশ (৪০), দীপঙ্কর দাশ রাহুল (২৬)। একজেনর নাম পাওয়া যায়নি। আহত অর্ধশত।

চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালের পুলিশ ফাঁড়ির ইনচার্জ জহিরুল ইসলাম বলেন, এই পর্যন্ত ১০ জনের প্রাণহানির বিষয়ে নিশ্চিত হওয়া গেছে। আরও অনেকেই পদদলিত হয়ে আহত হয়ে হাসপাতালে এসেছেন। নিহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।
এদিকে ঘটনার পরই রিমা কমিউনিটি সেন্টারে ছুটে যান চট্টগ্রাম মহানগর পুলিশের কমিশনার ইকবাল বাহার। তিনি বলেন, অতিরিক্ত মানুষের চাপে এ দুর্ঘটনা ঘটে। গেটটি ছোট হওয়ায় হুড়োহুড়ি করে অনেকেই এক সঙ্গে ভেতরে ঢুকছিলেন। এ সময় পড়ে গেলে পদদলিত হয়ে ১০ জন মারা যান। তবে নিরাপত্তার কোনো কমতি ছিল না বলে জানান তিনি।
নগরীর ১৪টি কমিউনিটি সেন্টারে কুলখানি ও মেজবানের আয়োজন করা হয়। এগুলো হচ্ছে- কিং অব চিটাগাং,স্কয়ার, কিশলয়, সুইস পার্ক, স্মরণিকা, এন মোহাম্মদ, কে বি কনভেনশন হল, ভিআইপি ব্যাংকুয়েট, গোল্ডেন টাচ, স্মরণিকা, সাগরিকা কমিউনিটি সেন্টার।