সকালেরসময় রিপোর্ট:: চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে আবুধাবি থেকে আসা বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি উড়োজাহাজের (বিজি ১২৮) টয়লেট থেকে ২৩ কেজি ৪০০ গ্রাম সোনা উদ্ধার করা হয়েছে। সোমবার সকালে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে এসব সোনা উদ্ধার করে শুল্ক গোয়েন্দারা।
শুল্ক গোয়েন্দা অধিদপ্তরের সহকারী পরিচালক মো. মহিউদ্দিন জানান, সকাল ৬টা পাঁচ মিনিটে বাংলাদেশে বিমানের বিজি-১২৮ ফ্লাইটটি আবুধাবি থেকে চট্টগ্রামে আসে। ওই বিমানে সোনার চালান আসার খবর পেয়ে সকাল থেকে আমরা বিমান বন্দরে অবস্থান করি। যাত্রী ও ক্রুরা নেমে যাওয়ার পর উড়োজাহাজে তল্লাশি চালানো হয়। এ সময় বিমানের টয়লেটের ব্যবহৃত টিস্যু ফেলার বিনে ২০০টি সোনার বার পাওয়া যায়। বার গুলো কালো স্কচ টেপ দিয়ে মোড়ানো প্যাকেটের ভেতর স্ক্রু দিয়ে লাগানো ছিল। যার ওজন মোট ২৩ কেজি ৪০০ গ্রাম। এর বাজার মূল্য প্রায় ১০ কোটি টাকা।
তিনি আরো জানান, উড়োজাহাজটি বিকাল ৫টায় আবার চট্টগ্রাম ছেড়ে যাবে। এ দীর্ঘ সময়ে বিমান থেকে বারগুলো পাচার করা হত বলে আমাদের ধারণা। পাচারের সঙ্গে কারা জড়িত, তা খতিয়ে দেখা হচ্ছে। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য বিমানের একজন টেকনিশিয়ান ও একজন ক্লিনারকে আটক করা হয়েছে বলে জানান শুল্ক গোয়েন্দা অধিদপ্তরের এ কর্মকর্তা।