সকালেরসময় ডেস্ক :: প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন বাংলাদেশে সফররত ভারতের প্রাক্তন রাষ্ট্রপতি প্রণব মুখার্জি।
আজ সোমবার দুপুর ১২টা ২০ মিনিটে প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনে এ সাক্ষাৎ হবে। প্রেস উইং থেকে পাঠানো প্রধানমন্ত্রীর দৈনিক কর্মসূচি থেকে এ তথ্য জানা গেছে।
গতকাল রোববার বিকেল ৪টায় জেট এয়ারলাইন্সের একটি বিমানে পাঁচ দিনের ব্যক্তিগত সফরে বাংলাদেশে আসেন প্রণব মুখার্জি। আন্তর্জাতিক বাংলা সাহিত্য সম্মেলনে যোগ দিতেই তার এই সফর।
সফরে তিনি রাষ্ট্রপতি মো. আবদুল হামিদের সঙ্গেও সাক্ষাৎ করবেন। এছাড়া চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় তাকে সম্মানসূচক ডি-লিট ডিগ্রিও দেবে।
আজ ধানমন্ডিতে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদনের মধ্যে দিয়ে শুরু হবে প্রণব মুখার্জির সফরের আনুষ্ঠানিকতা। এরপর তিনি প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সাক্ষাৎ করবেন। ভারতের সাবেক রাষ্ট্রপতিকে মধ্যাহ্নভোজেও আপ্যায়িত করবেন প্রধানমন্ত্রী। বিকেলে প্রণব মুখার্জি বাংলা একাডেমিতে আন্তর্জাতিক বাংলা সাহিত্য সম্মেলনে অংশ নেবেন।
মঙ্গলবার চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের এক অনুষ্ঠানে যোগ দেবেন প্রণব মুখার্জি। সেখানেই তাকে দেয়া হবে সম্মানসূচক ডি-লিট ডিগ্রি। বিশ্ববিদ্যালয়ের অনুষ্ঠান শেষ করে রাউজানে পারিবারিক বসতভিটা দেখতে যাবেন তিনি। রাতে চট্টগ্রামে থাকবেন তিনি।
বুধবার ঢাকায় ফিরে তিনি বঙ্গভবনে যাবেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদের সঙ্গে সাক্ষাৎ করতে। পরদিন বৃহস্পতিবার সকালে দেশের উদ্দেশ্যে রওনা হবেন ভারতের সাবেক রাষ্ট্রপতি।