চট্টগ্রামে সেরা ৩৯ করদাতা পেলেন সম্মাননা


১২ নভেম্বর, ২০১৮ ৩:২০ : অপরাহ্ণ

সকালেরসময় রিপোর্ট:: সেরা করদাতা হিসেবে কক্সবাজার, বান্দরবান, রাঙামাটি, খাগড়াছড়ি, চট্টগ্রাম জেলা ও নগরের ৩৯ জনকে সেরা করদাতার সম্মাননা দিয়েছে আয়কর বিভাগ। সোমবার (১২ নভেম্বর) দুপুরে নগরের জিইসি কনভেনশন হলে এ সম্মাননা দেওয়া হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সিটি মেয়র আ জ ম নাছির উদ্দীন।

বিশেষ অতিথি ছিলেন জাতীয় রাজস্ব বোর্ডের সদস্য (কর আপিল ও অব্যাহতি) রওশন আরা আক্তার, কাস্টম এক্সাইজ ও ভ্যাট কমিশনারেট চট্টগ্রামের কমিশনার সৈয়দ গোলাম কিবরীয়া, চট্টগ্রাম চেম্বার সভাপতি মাহবুবুল আলম ও চট্টগ্রাম উইম্যান চেম্বারের সিনিয়র সহ-সভাপতি আবিদা মোস্তফা। রওশন আরা আক্তার বলেন, কর দেওয়া নাগরিক দায়িত্ব। এটি গর্বেরও। এ মেলার মূল লক্ষ্য রাজস্ব আদায় বাড়ানো। দেশের বড় একটি অংশ করের আওতার বাইরে। তাদের উদ্বুদ্ধ করতে চাই আমরা।

মাহবুবুল আলম বলেন, একজন ভালো ব্যবসায়ী কর দিতে সচেষ্ট থাকেন। কর না দিলে অবকাঠামোগত উন্নয়ন হবে না। দেশ এগিয়ে যাবে না। দেশকে এগিয়ে নিতে সরকারি কর্মকর্তা ও ব্যবসায়ীরা কাজ করছেন। মাইন্ডসেট পরিবর্তন করতে হবে। কর-জাল বাড়াতে হবে। ৩০-৪০ লাখের জায়গায় দেড় কোটি মানুষকে করদাতা করতে হবে। তিনি বলেন, ব্যবসায়ী-উদ্যোক্তা হওয়া কঠিন। ওয়ান স্টপ সার্ভিস বলা হলেও শতভাগ কার্যকর হয়নি। তাই ব্যবসায়ীদের হয়রানি না করে উদ্বুদ্ধ করতে হবে।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন চট্টগ্রাম কর অঞ্চল ১ এর কমিশনার মো. মোতাহের হোসেন। বক্তব্য দেন চট্টগ্রাম কর অঞ্চল-২ এর কমিশনার হারুন অর রশীদ, কর অঞ্চল-৪ এর কমিশনার মো. লুৎফূল আজীম বলেন, কর আপিলাত ট্রাইব্যুনাল দ্বৈত বেঞ্চের সদস্য মো. ইকবাল হোসেন, কর আপিল অঞ্চলের কমিশনার নাজমুল করিম, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ব্যবস্থাপনা বিভাগের অধ্যাপক এমএ আক্কাস প্রমুখ।

কর অঞ্চল-৩ এর কমিশনার মো. মাহবুবুর রহমান বলেন, আজ চট্টগ্রাম কর বিভাগের জন্য আনন্দোজ্জ্বল দিন। স্বাধীনতার পর ৭৮৬ কোটি টাকার জাতীয় বাজেট এখন সাড়ে ৩ লাখ কোটি টাকায় দাঁড়িয়েছে। এসব করদাতাদের অবদান। বক্তারা বলেন, তরুণরা এ অনুষ্ঠান দেখে কর দিতে উদ্বুদ্ধ হবে, প্রেরণা পাবে। করের ওপর নির্ভর করে দেশের উন্নয়ন।

স্বাগত বক্তব্যে ট্যাক্সেস আপিলাত ট্রাইব্যুনালের সদস্য সৈয়দ মো. আবু দাউদ বলেন, রাষ্ট্রের পক্ষ থেকে সম্মান জানানোর সুযোগ পেয়ে আমরা খুবই খুশি হয়েছি । করদাতারা হাজার বছর ধরে সম্মানিত ছিলেন। আয়কর প্রশাসন করদাতাদের সম্মানিত করায় কর আদায় বাড়ছে। অনুষ্ঠান সঞ্চালনা করেন সহকারী কর কমিশনার মো. নাদিম হোসেন, তাসনিম আফরিন লিসা।

চট্টগ্রাম সিটি করপোরেশন এলাকায় ২০১৭-১৮ করবর্ষে সেরা করদাতার সম্মাননা পেয়েছেন আবদুল মোতালেব, এসএএম শাহজাহান, বৃহৎ করদাতা ইউনিটে সালাউদ্দিন কাশেম খান, মো. কামাল, আলী হোসেন আকবর আলী, সর্বোচ্চ নারী করদাতা ফারহানা মোমেন এবং ৪০ বছরের নিচে তরুণদের মধ্যে সর্বোচ্চ ক্যাটাগরিতে মো. শাহাদাত হোসেন।

সিটি করপোরেশনের বাইরে জেলায় দীর্ঘ সময় বিভাগে বিশ্বেশ্বর গুপ্ত, সদরে আলা, সর্বোচ্চ বিভাগে অসিত কুমার সাহা, মো. দিদারুল আলম, মোহাম্মদ আবদুল মালেক, নারী বিভাগে রূপালী হক চৌধুরী এবং তরুণ বিভাগে আশিকুর রহমান লস্কর সেরা হয়েছেন।
কক্সবাজারে সেরা করদাতা হয়েছেন দীর্ঘ সময় করদাতা বিভাগে ওসমান গণি, হাফিজুল ইসলাম, সর্বোচ্চ করদাতা বিভাগে কামরুন নাহার, মোহাম্মদ আবু কাউসার প্রকৌশলী মো. আলমগীর, নারী বিভাগে লাইলা বেগম এবং তরুণ বিভাগে আবদুল মাবুদ চৌধুরী।

রাঙামাটিতে সেরা হয়েছেন দীর্ঘ সময় বিভাগে রবীন্দ্র লাল দে, মাধব নাগ সর্বোচ্চ বিভাগে লোকমান হোসেন তালুকদার, আবুল মনসুর ওবায়দৌল্লা, সুলতান কামরুদ্দিন, নারী বিভাগে চিত্রা চাকমা এবং তরুণ বিভাগে মো. আসাদুজ্জামান মহসিন। বান্দরবানে সর্বোচ্চ করদাতা বিভাগে সেরা হয়েছেন মোহাম্মদ নুরুল আবছার, অমল কান্তি দাশ, মাহবুবুর রহমান এবং নারী বিভাগে মে হ্লা প্রু।

খাগড়াছড়িতে দীর্ঘ সময় বিভাগে সেরা হয়েছেন স্বপন চন্দ্র দেবনাথ, মো. শামসুল আলম, সর্বোচ্চ বিভাগে ফরিদা আকতার, স্বপন চন্দ্র দেবনাথ, শিব শংকর দেব, নারী বিভাগে নুর নাহার বেগম এবং তরুণ বিভাগে মো. আবুল কালাম। অনুষ্ঠানের প্রধান অতিথি সিটি মেয়র আ জ ম নাছির উদ্দীন সেরা করদাতা ও তাদের প্রতিনিধিদের হাতে সম্মাননা স্মারক তুলে দেন।

0Shares

আরো সংবাদ