চট্টগ্রামে ওসি-এসআই হাতাহাতি!


৬ জানুয়ারি, ২০১৮ ৯:০০ : পূর্বাহ্ণ

সকালেরসময় ফটিকছড়ি প্রতিনিধি :: চট্টগ্রামের ফটিকছড়ি থানায় একটি সভায় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এবং একজন উপ-পরিদর্শক (এসআই) বাকবিতণ্ডার এক পর্যায়ে হাতাহাতির ঘটনা ঘটেছে। শুক্রবার রাত ১০টার দিকে এ ঘটনা ঘটে।

জানা যায়, পুলিশ সুপারের নির্দেশিত বিশেষ অভিযান পরিচালনা নিয়ে ফটিকছড়ি থানায় কর্মকর্তারা বৈঠকে বসেছিলেন। এ সময় ওসি জাকের হোসাইন মাহমুদের সঙ্গে এসআই মো. সাহাবুদ্দিন বাকবিতণ্ডায় জড়িয়ে পড়েন। এক পর্যায়ে দুই কর্মকর্তা হাতাহাতিতে জড়িয়ে পড়লে উপস্থিত অন্য কর্মকর্তারা তাদের শান্ত করেন বলে জানা যায়। তবে পুলিশ কর্মকর্তারা হাতাহাতির বিষয়টি স্বীকার করেননি। বিষয়টি জানাজানির পর হাটহাজারী সার্কেলের সহকারী পুলিশ সুপারকে দ্রুত ফটিকছড়ি থানায় পাঠানো হয়েছে।

এ ব্যাপারে ওসি জাকের হোসাইন মাহমুদ বলেন, এসআই মো. সাহাবুদ্দিনকে ট্রান্সফার করা হয়েছে। কিন্তু তিনি যেতে চাচ্ছেন না। হা-হুতাশ, কান্নাকাটি শুরু করে দিয়েছেন। এটাই ঘটনা। হাতাহাতি হয়নি।

চট্টগ্রামের অতিরিক্ত পুলিশ সুপার (উত্তর) মশিউদ্দৌলা রেজা বলেন, একসঙ্গে থাকলে ঘটনা ঘটাই স্বাভাবিক। না ঘটাটাই বরং অস্বাভাবিক। আপনার সঙ্গে কি কখনো আপনার সহকর্মীর ঝামেলা হয়নি? এটাও তেমনই। বড় কিছু বা নিউজ করার মতো কিছু নয়।

0Shares

আরো সংবাদ