বিনোদন ডেস্ক : দেশের জনপ্রিয় মডেল ও অভিনেত্রী মেহজাবীন চৌধুরীর সাথে তরুণ নির্মাতা আদনান আল রাজীব-এর প্রেমের গুঞ্জন ছিল আগে থেকেই। অবশেষে প্রকাশ্যে এলো দুজনের প্রেম।
যার সঙ্গে তিনি সম্পর্কে রয়েছেন বলে বছরের পর বছর গুঞ্জন ছিল, সেই রাজীবের সঙ্গেই দেখা গেল তাকে। সবচেয়ে চমকপ্রদ ব্যাপার হলো, রাজীব নিজেই তাদের একান্ত ছবি শেয়ার করেছেন।
শনিবার (১৮ ডিসেম্বর) দুপুরের দিকে ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে ছবিটি শেয়ার করেন রাজীব। সেখানে দেখা যাচ্ছে, সমুদ্রের পাড়ে কোনো একটি রিসোর্টের ব্যালকনিতে দাঁড়িয়ে রাজীবকে জড়িয়ে ধরে আছেন মেহজাবীন।
তার বুকে মাথা রেখেছেন মেহজাবীন। ছবির ক্যাপশনে রাজীব লিখেছেন, ‘ভালোই লাগে’। এ ছাড়াও আদনানের ফেসবুকেও বেশ কিছু ছবিতে একসঙ্গে দেখা গেছে তাদের।
মেহজাবীন ও রাজীবের প্রেমের গুঞ্জন অনেক দিনের। তাদেরকে বিভিন্ন সময় একসঙ্গে দেখা গেছে। আবার বিদেশেও একসঙ্গে ঘুরতে গেছেন বলে
জানা যায়। কিন্তু কখনো সম্পর্কের বিষয়টি স্বীকার করেননি তারা। এবার ছবি আপলোডের মাধ্যমে জল্পনার অবসান ঘটিয়ে যেন স্বীকার করে নিলেন সব।
রাজীব ও মেহজাবীনের বিয়ের গুঞ্জনও শোনা গেছে একাধিকবার। তবে তারা এখনও বিয়ে করেছেন কি না, সে বিষয়টি জানা যায়নি।
উল্লেখ্য, ২০০৯ সালে একটি রিয়েলিটি শোয়ের প্রতিযোগিতার মাধ্যমে মিডিয়াতে পা রাখেন মেহজাবীন। এরপর নাটকে নিয়মিত অভিনয় করে আসছেন। তবে তিনি এখনও কোনো চলচ্চিত্রে অভিনয় করেননি।
অন্যদিকে আদনান আল রাজীব দেশের তরুণ নির্মাতাদের মধ্যে অন্যতম। বিজ্ঞাপন, নাটকে নির্মাণের মুন্সিয়ানা দেখিয়েছেন। এ ছাড়া মাস কয়েক আগে মুক্তি পেয়েছে তার ওয়েব ফিল্ম ‘ইউটিউমার’।
তবে সাম্প্রতিক ছবি কিংবা প্রেম বিষয়ে যোগাযোগ করা হলেও কারও মন্তব্য পাওয়া যায়নি। একাধিক সূত্র থেকে এই বিষয়টি নিশ্চিত হওয়া গেছে।
এস এস/