বিনোদন ডেস্ক : বলিউড অভিনেত্রী শিল্পা শেঠির স্বামী রাজ কুন্দ্রার বিরুদ্ধে নতুন একটি মামলা দায়ের হয়েছে। এবার দুজনের বিরুদ্ধে মামলা হয় অর্থ প্রতারণায়।
কিছু দিন আগেই পর্নগ্রাফি মামলায় জামিন পেয়েছিলেন বলিউড অভিনেত্রী শিল্পা শেঠির স্বামী রাজ কুন্দ্রা। তার পর্ন ব্যবসার খুঁটিনাটি প্রকাশ্যে আসায় ব্যাপক সমালোচনার শিকার হয়েছিল এ দম্পতি।
সেই রেশ কাটিয়ে কিছুটা স্বাভাবিক হওয়ার চেষ্টা করছিলেন তারা। কিন্তু এরই মধ্যে নতুন বিপদ এসে দাঁড়াল তাদের দরজায়। এবার এ দম্পতির বিরুদ্ধে ১ দশমিক ৫১ কোটি রুপি প্রতারণার অভিযোগ আনলেন নীতিন বারাই নামের এক ব্যক্তি।
মুম্বাইয়ের বান্দ্রা থানায় তিনি এফআইআর দায়ের করেছেন। ভারতীয় সংবাদমাধ্যমগুলো খবরটি নিশ্চিত করেছে।
মামলায় নীতিন বারাই জানিয়েছেন, ২০১৪ সালে এসএফএল ফিটনেস প্রাইভেট লিমিটেডের ডিরেক্টর কাশিফ খান, শিল্পা শেঠি ও রাজ কুন্দ্রা তাকে মোটা লাভের লোভ দেখিয়ে ১ দশমিক ৫১ কোটি টাকা বিনিয়োগের জন্য রাজি করান।
ফিটনেস স্কিম থেকে মোটা টাকা লাভ হবে এমন আশ্বাস দেয়া হয়েছিল তাকে। কিন্তু সেই প্রজেক্ট এগোয়নি। পরবর্তীতে টাকা ফেরত চাইলে তাকে হুমকি দেয়া হয়।
বর্তমানে মামলার তদন্ত করছে মুম্বাই পুলিশ। তদন্ত শেষে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
এস এস/