বিষয় :

অবশেষে জামিন পেলেন শাহরুখপুত্র আরিয়ান খান


২৮ অক্টোবর, ২০২১ ৬:০৮ : অপরাহ্ণ

মাদক মামলায় গ্রেপ্তারের তিন সপ্তাহ পর জামিন পেলেন শাহরুখপুত্র আরিয়ান খান। আজ বৃহস্পতিবার বম্বে হাইকোর্টে শুনানি শেষে আদালত তাঁর জামিন মঞ্জুর করেন।

এদিন অতিরিক্ত সলিসিটর জেনারেল অনীল সিং আদালতকে বলেন, আরিয়ান খান নিয়মিত মাদকসেবী। গত বছর থেকেই মাদকাসক্ত হয়ে পড়েছেন তিনি। সম্প্রতি তিনি মাদক সংগ্রহ করাও শুরু করেছিলেন।

মাদক নিয়ন্ত্রণ ব্যুরোর (এনসিবি) পক্ষে তিনি আরও বলেন, আরিয়ানের বিরুদ্ধে মাদকের বাণিজ্যিক লেনদেনের প্রমাণ আছে। গতকাল বুধবারও আরিয়ান খানের জামিন নামঞ্জুর করেন আদালত। তাঁর আইনজীবীরা বলেন, আদালতকে ভুল তথ্য দিয়ে বিভ্রান্ত করা হচ্ছে। এটি মূলত ষড়যন্ত্রমূলক মামলা।

আদালতের আদেশের পর আরিয়ানের আইনজীবী মুকুল রোহাতজি বলেন, আরিয়ান খান, আরবাজ মারচেন্ট এবং মুনমুন ধামেচা আগামীকাল বা শনিবার কারগার থেকে মুক্তি পাবেন বলে আশা করছি।

গত ২ অক্টোবর মুম্বাই থেকে গোয়াগামী একটি বিলাসবহুল প্রমোদতরীতে অভিযান চালিয়ে বলিউড সুপারস্টার শাহরুখ খানের ছেলে আরিয়ানসহ ১০ জনকে আটক করেন এনসিবির কর্মকর্তারা। তাঁদের বিরুদ্ধে মাদক সেবনের অভিযোগ আনা হয়। গত ৩ অক্টোবর আরিয়ানকে গ্রেপ্তার দেখানো হয়। মোট দুইবার তাঁর জামিনের আবেদন খারিজ হয়ে যায়।

যুক্তি হিসেবে বলা হয়, জামিনে ছাড়া পেলে, আরিয়ান তাঁর বিরুদ্ধে যাবতীয় তথ্য ও প্রমাণ লোপাটের চেষ্টা করতে পারেন। এদিকে শাহরুখপুত্রের মাদক-মামলার তদন্তকারী কর্মকর্তা সমীর ওয়াংখেড়ের ভূমিকা নিয়ে প্রশ্ন ওঠে।

শাহরুখপুত্র আরিয়ান খানকে ছেড়ে দেওয়ার বিনিময়ে এক সাক্ষীর মাধ্যমে ২৫ কোটি টাকা ঘুষ চাওয়ার অভিযোগ উঠেছে বিতর্কিত সেই এনসিবি কর্মকর্তা সমীর ওয়াংখেড়ের বিরুদ্ধে।

মামলার অন্যতম সাক্ষী প্রভাকর সেইল তাঁর বিরুদ্ধে ঘুষের অভিযোগ তোলেন। এরই মধ্যে সমীরের বিরুদ্ধে তদন্তও শুরু হয়েছে।

সকালের-সময়

0Shares

আরো সংবাদ